জগন্নাথপুর পৌরশহরের প্রধান সড়কে কষ্টের শেষ নেই

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর শহরের প্রধান সড়কে দীর্ঘদিন ধরে কোন সংস্কার কাজ না হওয়ায় পথচারিদের দুর্ভোগের যেন শেষ নেই। সড়কটি দিন দিন ভেঙে ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এছাড়া অসংখ্যা খানাখন্দক রয়েছে সড়ক জুড়ে।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক সড়কের জগন্নাথপুর পৌরশহরের মুক্তিযোদ্ধা পয়েন্ট থেকে স্থানীয় পৌর পয়েন্ট পর্যন্ত ভাঙাচুড়া । ফলে যান চলাচলের পাশাপাশি পথচারীদের চলাচলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এছাড়া ওই সড়কের পাশে দিয়ে    
বয়ে যাওয়া ড্রেনটি অচল হয়ে পড়ায় যাতাযাতে জনসাধারণের অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়। এর মধ্যে সড়কে এলোমেলোভাবে গড়ে উঠেছে ফুটপাতের দোকানপাট।
শহরের বাসিন্দা আবদুল মতিন জানান, ‘অনেকদিন ধরে সড়কে কোন সংস্কার কাজ হয়নি না। ফলে সড়কটি দিন দিন ভেঙে যাচ্ছে। সড়কের পাশের ড্রেনটি অকেজো হয়ে পড়েছে। ড্রেনে থাকা আর্বজনা বৃষ্টির পানির সঙ্গে মিলে পঁচা দুর্গদ্ধ ছড়াচ্ছে। এই সড়কের কষ্টের যেন শেষ নেই আমাদের। কর্তৃপক্ষের নাকের ডগায় এমন অবস্থা বিরাজ করলেও তাদের ভ্রুক্ষেপ নেই। ’
আরেক বাসিন্দা আকবর আলী জানান, ‘শহরের প্রধান ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত ওই সড়কের মুক্তিযোদ্ধা মোড় থেকে পৌর পয়েন্ট চলাচলে এতো কষ্টদায়ক যা বর্ণনা করার ভাষা নেই। দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের অনুরোধ করছি। এছাড়া সড়কের পাশ দিয়ে চলাচলের স্থান দখল করে অবৈধভাবে ফুটপাত গড়ে উঠেছে।’
জগন্নাথপুর বাজার তদারক কমিটির যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ ভূঁইয়া জানান, ‘সড়কের সংস্কারের জন্য অনেক দিন ধরেই আমরা দাবি জানিয়ে আসছি।’
জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফ জানান, ‘শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া সড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন হওয়ায় আমরা কোন কাজ করতে পারছি না। তারপরও পৌরসভার উদ্যোগে ভাঙা ইট ও কংক্রিট ফেলে নাগরিক দুর্ভোগ লাঘবের চেষ্টা করছি। ’