সংবাদ সম্মেলনে জেলা বিএনপি- সরকার চাল নিয়ে ধাপ্পাবাজি শুরু করেছে

স্টাফ রিপোর্টার
১০ টাকা কেজি চাল খাওয়ানোর মিথ্যা অঙ্গিকার এবং  খোলা বাজারে ওএমএস চাল ১৫ টাকা করে বিক্রির কথা থাকলেও গত ১৭ তারিখে হঠাৎ করে কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ৩০ টাকা করায় সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশনে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাবেক সংসদ সদস্য ও জেলা   বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল।
তিনি বলেন, আগাম বন্যার কারণে ফসল হারানো মানুষ অর্ধাহার ও অনাহারের মধ্যে দিয়ে এক দুর্বিষহ জীবন-যাপন করছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সুনামগঞ্জে এসে বানভাসী মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও ন্যুনতম সহযোগিতাটুকুও সাধারণ জনগণ পায়নি। আমরা জেলা বিএনপির লক্ষ্য করছি যে এই অবৈধ সরকারের অব্যবস্থাপনা ও চালবাজির কারণে দেশের বাজারে আজ ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে।
তিনি বলেন, এই সরকার ১০ টাকা কেজি চাল খাওয়ানোর মিথ্যা অঙ্গীকার করে জনগণের সাথে ধোঁকাবাজি করে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু আজ ৬০ টাকা কেজিতেও মানুষ চাল পাচ্ছে না। আরো উদ্বেগের বিষয় এই, দরিদ্র মানুষের জন্য ওএমএস চাল ১৫ টাকা করে বিক্রির কথা থাকলেও গত ১৭ তারিখে হঠাৎ করে কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত মানুষগুলোকে অনেক সময় খালি হাতে ফিরতে হচ্ছে। এ যেন বানভাসি মানুষের মরার উপর খাড়ার ঘা’।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদ, বিএনপি নেতা আকবর আলী, সেলিম উদ্দিন ভুট্টো, রেজাউল হক, জেলা বিএনপির সহ সভাপতি মো. আনিসুল হক, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, বিএনপি নেতা নুর হোসেন, জেলা জিয়া পরিষদের আহবায়ক ও পৌর কলেজের  অধ্যক্ষ শেরগুল আহমদ, সুহেল আহমদ, নুরুল আলম, মোনাজ্জির হোসেন, মাহমুদুর রহমান প্রমুখ।