স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেছেন,‘ সুনামগঞ্জের হাওরাঞ্চলের বোরো ফসল রক্ষায় হাওরের বাঁধ সঠিক সময়ে শুরু করতে হবে এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। নতুন নীতিমালা অনুযায়ী পিআইসি গঠন ও বাঁধ নির্মাণ হাওরপাড়ের কৃষকদের নিয়েই করা হবে। সরকারি বিধি মোতাবেক নির্ধারিত সময়ে হাওর রক্ষা বাঁধ নির্মাণ জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে করা হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি উপকরণ প্রদান করা হবে। হাওরের জলাবদ্ধতা নিরসণে সকল স্লুইস গেইট মেরামত করে সচল রাখা হবে এবং সুনামগঞ্জের ৫টি নদী খনন ও জকিগঞ্জ থেকে পুরো সুরমা উপত্যকা খননের মহা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।’
তিনি আরো বলেন,‘এই বছর বোরো ফসল তলিয়ে যাওয়ায় মধ্যবিত্ত কৃষকরা সবচেয়ে বেশী সংকটে পড়েছেন। তাই ক্ষতিগ্রস্ত সকল কৃষককে কৃষি ভর্তুকি প্রদানের জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। একই সাথে আগামী বোরো ফসল রক্ষায় কৃষকসহ সকল শ্রেণি পেশার লোকজনের মতামত গ্রহণ করা হচ্ছে। যাতে বোরো ফসল নিরাপদে ঘরে
তুলা যায়। আগামী ফসল রক্ষা বাঁধের সকল প্রকল্প জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের ওয়েক পোর্টালে প্রকাশ করা হবে।’
মঙ্গলবার বিকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, উপজেলা পর্যায়ে কর্মকর্তা, স্কাউট লিডার, শিক্ষক প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে উপজেলার উন্নয়ন ও সম্ভাবনা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ জাহেদুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী অনিক সাহা, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক ও দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, জামালগঞ্জ থানার ওসি আবুল হাসেম।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসূফ আল আজাদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ফেনাঁরবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব সাংবাদিক বিন্দু তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহম্মেদ সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাপ্তাহিক ভাটি বাংলার সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম কুমার তালুকদার, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী পংকজ পাল চৌধুরী প্রমুখ।


