স্টাফ রিপোর্টার
শহরের ষোলঘরের বাসিন্দা প্রবীণ আইনজীবী আপ্তাব উদ্দিনের আইন পেশার ৫০ বছর পূর্তি হয়েছে শনিবার। আপ্তাব উদ্দিনের আইনজীবী পেশায় পাঁচ দশক পূর্তি উপলক্ষে আজ রবিবার জেলা আইনজীবী সমিতি ভবনে তাকে শুভেচ্ছা জানাবেন সহকর্মী আইনজীবীগণ।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী বলেন, ‘একজন আইনজীবীর আইনপেশায় একাধারে দীর্ঘ পাঁচ দশক পূর্ন হওয়া অত্যন্ত গৌরব ও সম্মানের। প্রবীণ আইনজীবী আপ্তাব উদ্দিনের এই পেশার ৫০ বছর পূর্তি উনার সাথে আমাদেরও গৌরবের। আমরা জেলা আইনজীবী
সমিতি ভবনে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাব। আমরা উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’
উল্লেখ্য, অ্যাড. আপ্তাব উদ্দিন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সিলেটের মুরারী চাঁদ কলেজ (এমসি) থেকে এইচএসসি ও ডিগ্রি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি পাশ করে ১৯৬৭ সালে আইন পেশায় যোগদান করেন। অ্যাড. আপ্তাব উদ্দিন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। তিনি জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি, জেলা রেড ক্রিসেন্ট’র ভাইস প্রেসিডেন্ট। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি ছিলেন।
অ্যাড. আপ্তাব উদ্দিন বিবাহিত জীবনে ২ ছেলে ও ৩ মেয়ের জনক। বড় ছেলে আমেরিকা প্রবাসী, ছোট ছেলে ব্যবসায়ী। বড় মেয়ে গৃহিনী, তার স্বামী সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য। ২য় মেয়ে নিগার সুলতানা কেয়া সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, তাঁর স্বামী মুজিবুর রহমান সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য। ছোট মেয়ে গৃহিনী, ঢাকায় বসবাস করেন।
- জগন্নাথপুরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু
- জনগণের কাজ না করে টাকা উপার্জন করা হারাম -জেলা প্রশাসক


