স্টাফ রিপোর্টার
শহরে বিদ্যুৎ বিভাগের প্রি-পেইড মিটার লাগানো শুরু হয়েছে। রোববার শহরের কোর্ট পয়েন্ট থেকে প্রি-পেইড মিটার লাগানোর কাজ শুরু হয়। সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের প্রায় ২০ হাজার গ্রাহককেই প্রি-পেইড মিটার দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। প্রি-পেইড মিটার নিয়ে অনেকে দুশ্চিন্তায়ও রয়েছেন। বিশেষ করে স্বল্প আয়ের গ্রাহকরা। সোমবার শহরের পশ্চিম এলাকার গ্রাহকরা এ নিয়ে তেঘরিয়া সরকারি পুকুর পাড়ে প্রতিবাদ সভাও করেছেন।
শহরের তেঘরিয়া এলাকার বিদ্যুৎ গ্রাহক সেলিম আহমদ বলেছেন,‘প্রি-পেইড মিটার লাগানো হলে, যেকোন সময় বাড়ি বিদ্যুৎহীন হয়ে যেতে পারে। অফিস-আদালত বন্ধের সময় বিদ্যুৎহীন হলে টাকা লোড করা পর্যন্ত অন্ধকারে থাকতে হবে।’
একই এলাকার গ্রাহক সাবেক পৌর কমিশনার শামীম চৌধুরী সামু বলেন,‘স্বল্প আয়ের মানুষ বিপদে পড়বে। অগ্রিম টাকা দিয়ে বিদ্যুৎ ব্যবহার যেমন কষ্টকর হবে, প্রি-পেইড মিটার বসানোর সময় বকেয়া বিল একসঙ্গে দেওয়াও কষ্টকর হবে।’
শহরের উকিলপাড়ার একজন গ্রাহক জানালেন,‘প্রি-পেইড মিটার লাগানোর শুরুতেই শুনেছি দুর্নীতি হচ্ছে। মিটারের সঙ্গে কিছু বৈদ্যুতিক তার বরাদ্দ আছে। কিন্তু গ্রাহকদের তার দেওয়া হচ্ছে না।’
সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম অবশ্য বলেছেন,‘প্রি-পেইড মিটারে ছুটির দিনে বা রাতে টাকা না থাকলেও বিদ্যুৎ থাকবে। এই মিটারে ১০০ টাকার ইমার্জেন্সি ব্যালেন্সের ব্যবস্থা আছে। এই টাকা রাতে শেষ হলেও পরদিন সকাল ১০ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ পাবেন সংশ্লিষ্ট গ্রাহক। তিনি জানান, সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জে একসঙ্গে এই মিটার লাগানোর কাজ রোববার শুরু হয়েছে। সুনামগঞ্জ শহরের কোর্ট পয়েন্ট থেকে এই কাজ শুরু হয়। রোববার ১৫ টি মিটার পরিবর্তন করা হয়েছে। পূজার ছুটির জন্য আপাতত কাজ বন্ধ থাকবে। ১ বছরের মধ্যে সুনামগঞ্জের সকল গ্রাহককে প্রি- পেইড মিটারের আওতায় আনা হবে।’ তিনি জানান, প্রি-পেইড মিটারের সঙ্গে কোন তার বরাদ্দ নেই। মিটার বসানো হবে আগের মিটারের স্থলেই। এজন্য কোন সার্ভিস চার্জ দিতে হবে না।
প্রিপেইট মিটার স্থাপনের
প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ
পৌরসভা এলাকায় গ্রাহকদের বৈদ্যুতিক সংযোগে প্রিপেইট মিটার স্থাপন বন্ধ রাখার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে পৌরসভার তেঘরিয়া এলাকার শকাধিত গ্রাহক।
সোমবার সন্ধ্যায় তেঘরিয়ার সরকারি পুকুর পাড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন তেঘরিয়ার বাসিন্দা সেলিম মিয়া। পৌরসভার সাবেক কাউন্সিলার শামীম চৌধুরীর সামুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইজিবাইক শ্রমিক সমিতির সভাপতি সোহেল আহমদ, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলার শামছুজ্জামান স্বপন, ব্যবসায়ী মজনু মিয়া, জুয়েল আহমদ, সুয়েব আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা সুনামগঞ্জ পৌরসভা এলাকায় পিডিপির নতুন বৈদ্যুতিক প্রিপেইট মিটার স্থাপন না করার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানান।
বক্তারা বলেন,‘ হাওরের ফসল হানির পর একের পর এক দুর্যোগ সুনামগঞ্জের মানুষের আর্থিক অবস্থার খারাপ করে দিয়েছে। তাই কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে মরার উপর খাগাড় ঘাঁ বলে অবহিত করছেন। পরে তারা বিক্ষোভ মিছিল সহকারে পিডিপির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে তার সাথে স্বাক্ষাৎ করেন।


