জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে দু’পক্ষের সংর্ঘষের ঘটনায় গুলিবিদ্ধ আহত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার দিকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা গেছেন। যুবকের নাম নুর আলী। তিনি শ্রীধরপাশা গ্রামের মুক্তিযোদ্ধা মৃত তখলিছ আলীর ছেলে। নিহত নুর আলী আবদুল মালিক পক্ষের লোক।
এদিকে সকালে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হত্যাকা-ের ঘটনায় শ্রীধরপাশা গ্রামের নুর মিয়ার ছেলে হাবিবুর রহমান (২৫), মৃত কাদির মিয়ার ছেলে সুয়েব আহমদ (২৬), ও কামারখাল গ্রামের মৃত আছলম উল্লার ছেলে নুরুল হক (৩৫) ও একই গ্রামের দরাজ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪০) কে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সংঘর্ষে নিহত নুর আলীর খুনের ঘটনায় ১০ জনকে গ্রেফতার হয়েছে।
অপর আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্ব পূর্ব বিরোধের জের ধরে শ্রীধরপাশা গ্রামে আব্দুল মালিক ও ফয়সল আহমদের পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের জাবেদ কুরেশীর পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ৩৭জন গুলিবিদ্ধসহ অর্ধতাশিক আহত হন। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।


