স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বোরো ফসলহারা ৩ লাখ কৃষককে কৃষি পুনর্বাসন সহায়তার জন্য সাড়ে ৫৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। বরাদ্দ অনুমোদনের বিষয়টি গতকাল মঙ্গলবার বিকালে কৃষি মন্ত্রণালয়ের উপকরণ-২ শাখা থেকে উপ সচিব কে এম আবদুল ওয়াদুদ স্বাক্ষরিত পত্রে (ই-মেইলে) সুনামগঞ্জের জেলা প্রশাসককে জানানো হয়েছে।
কৃষি মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসককে পাঠানো পত্র সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত বোরো চাষীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে আগামী রবি মৌসুমে বোরো ধান চাষের জন্য বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার এবং নগদ অর্থ সহায়তা বাবদ এই বিশেষ কৃষি পুনর্বাসনের অর্থ ছাড় দেয়া হয়েছে।
সুনামগঞ্জ জেলার ৩ লাখ কৃষক এক বিঘা
জমির জন্য ৫ কেজি করে বোরো ধানের বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও প্রত্যেককে নগদ ১ হাজার টাকা প্রদান করা হবে। প্রতিটি উপজেলা সদরে কৃষকদের সার-বীজ সরাসরি হাতে হাতে বিতরণ করা হবে। তবে নগদ অর্থ সহায়তা কৃষকদের ব্যাংক একাউন্টের মাধ্যমে বিতরণ করা হবে।
উল্লেখ্য, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম গত ২৫ সেপ্টেম্বর সুনামগঞ্জের বোরো ফসলহারা ক্ষতিগ্রস্ত ৩ লাখ ১৫ হাজার ৮৪ কৃষক পরিবারকে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষি ভর্তুকি প্রদানের জন্য কৃষি মন্ত্রণালয়ের সচিবকে জরুরি পত্র লিখেছিলেন। সেই পত্রের আলোকে কৃষি মন্ত্রণালয় সুনামগঞ্জের ৩ লাখ কৃষককে কৃষি পুনর্বাসন সহায়তা প্রদানের জন্য ওই বরাদ্দ ছাড় করে।
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের ৬টি জেলার ৬ লাখ কৃষকের জন্য মোট ১১৭ কোটি টাকার কৃষি পুনর্বাসন কার্যক্রম হাতে নিয়েছে। সিলেট জেলার ৪০ হাজার কৃষকের জন্য ৭ কোটি ৮০ লাখ টাকা, হবিগঞ্জের ৪০ হাজার কৃষকের জন্য ৭ কোটি ৮০ লাখ, মৌলভীবাজারের ২৫ হাজার কৃষককের জন্য ৪ কোটি ৮৭ লাখ, নেত্রকোনার ৭০ হাজার কৃষকের জন্য ১৩ কোটি ৬৫ লাখ ও কিশোরগঞ্জের সোয়া লাখ কৃষকের জন্য ২৪ কোটি ৩৭ লাখ টাকাসহ মোট ১১৭ কোটি টাকার কৃষি পুনর্বাসন বরাদ্দ দেয়া হয়েছে।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার এক উজ্জ্বল নক্ষত্র -ড. জয়া সেনগুপ্তা
- দুদকের মামলার এক আসামির আদালতে জামিন প্রার্থনা পরে আবেদন ফেরৎ


