কৃষকের হাওর কৃষকই বাঁচাবে এই হোক হাওরাঞ্চলের উন্নয়ন দর্শন

দিকে দিকে বাঁধ ভেঙে ও হাওর তলিয়ে ফসল হানির প্রেক্ষাপটে জামালগঞ্জের পাগনার হাওরের বিভিন্ন বাঁধ রক্ষার দায়িত্ব নিয়েছেন স্থানীয় কৃষকরা। তারা রাত জেগে বাঁধ পাহাড়া দিচ্ছেন, কোথাও কোন ফাটলের সম্ভাবনা দেখা মাত্র নিজেরা মেরামত করছেন। প্রশাসন স্থানীয় জনসাধারণকে সাধ্যমতো সহায়তা দেয়ার চেষ্টা করছেন। এ হলো জনগণের অন্তর্নিহিত শক্তির বহিঃপ্রকাশ। যুগে যুগে দেশে দেশে সাধারণের এই অভ্যূদয়ই সফলতার স্বর্ণদুয়ার খুলেছে। অন্যের উপর, হোক না সেটি সরকারই, নির্ভর করে আর নিজেরা নিষ্ক্রিয় থেকে কোন জাতি কখনও উন্নতি করতে পারেনি। আমাদের দেশে পাউবো’র মাধ্যমে সরকারি খরচে বাঁধ নির্মাণের ইতিহাস খুব বেশি পুরানো নয়। কিন্তু এই অঞ্চলের কৃষিভিত্তিক সভ্যতা বহু পুরানো। সেই ঐতিহাসিক কাল থেকে সংগ্রামী কৃষকরা বীজ বপন করে যেমন ধানের চারা গজিয়েছেন, সেই চারায় সেচ দিয়ে পুষ্ট করেছেন, একইভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকেও তারাই রক্ষা করেছেন ফসলের মাঠ। সরকারি সহায়তা বরং সংগ্রামী কৃষকদের এই সক্ষমতাকে দিনে দিনে পঙ্গু করে দিয়েছে। আজ কোন বাঁধে ফুট কয়েক জায়গায় মাটি ফেলার জন্য সরকারি প্রকল্পের অপেক্ষায় থাকেন স্থানীয়রা। এবার পাউবোর সীমাহীন দুর্নীর্তি আর প্রকৃতির রুদ্ররুষে পড়ে কৃষককূল যখন সর্বস্বান্ত তখন পাগনার হাওর সহ বিভিন্ন হ্ওারাঞ্চলের কৃষক জনতা হাওর রক্ষায় কোমড় বেঁধে নেমেছেন। স্থানীয়দের এই স্বউদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং এই প্রবৃত্তির জাগরণ কামনা করি।
প্রচলিত ফসল রক্ষা বাঁধের অকার্যকারিতা নিয়ে বিভিন্ন মহল থেকে কয়েক বছর ধরেই নানা কথা বলা হচ্ছে। অভিজ্ঞতায় দেখা গেছে মাঝারী মানের কোন পাহাড়ি ঢল কিংবা অতিবৃষ্টি সামাল দিতে ব্যর্থ হয় তথাকথিত এইসব বাঁধ। দুর্যোগ না হলেই কেবল বা্ধঁগুলো কাজ করেছে বলা যায়। যেখানে এইসব বাঁধ কোন প্রাকৃতিক দুর্যোগকে সামাল দিতে সক্ষম নয় সেখানে কেন প্রতিবছর কোটি কোটি টাকার অপচয় ঘটিয়ে ব্যক্তি ও গোষ্ঠী বিশেষের পকেট ভারী করার সুযোগ করে দিব আমরা? হাওর ডুবার যেসব প্রধান কারণ কৃষকসহ হাওরসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলার চেষ্টা করছেন সেগুরোকেই বরং আমলে নেয়া অধিকতর যুক্তিসঙ্গত। নদীর নাব্যতা বৃদ্ধির জন্য ব্যাপকভাবে নদী খনন, হাওরাঞ্চলের প্রাকৃতিক খাল, নালা, বিলগুলো আবার পূবাকৃতিতে ফিরিয়ে নেওয়া, নদীর সাথে হাওরের সংযোগস্থলে প্রয়োজনীয় উচ্চতার স্থায়ী/অস্থায়ী বাঁধ নির্মাণকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে হাওর রক্ষার একটি মহা পরিকল্পনা প্রণয়ন এখন কেবল সময়ের দাবি। পাহাড়ি ঢলে হাওরমুখী  গতিপথকে  নদীমুখী করার পদ্ধতি আবিষ্কার করাও সবিশেষ গুরুত্বপূর্ণ। আমরা হয়তো বিষয়গুলো সাদামাটাভাবে বলার চেষ্টা করলাম। যারা হাওর, পানি, নদী ও কৃষি বিষয়ে অভিজ্ঞ তাঁরা যখন গবেষণার মাধ্যমে একটি কার্যকর কৌশল উদ্ভাবন করবেন সেটি হবে অনেক বেশি গ্রহণযোগ্য। হাওর নিয়ে তাই সরকারকে বিশেষ গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে।
এবারই জেলা সদরে হাওর উন্নয়ন বোর্ডের আঞ্চলিক দপ্তর স্থাপন করা হয়েছে। হাওরের উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত এই দপ্তরটিকে কাগজেপত্রে রাখার পরিবর্তে কার্যক্ষম করে গড়ে তুলতে হবে। হাওর উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ শস্যভা-ার সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের বিশাল হাওর এলাকা শস্য উৎপাদনে আরও সক্ষমতা অর্জনসহ প্রাকৃতিক দুর্যোগমুক্ত হওয়ার কাজ শুরু করবে, এই অঞ্চলের মানুষের কামনা তাই। একই সাথে পাগনার হাওরের কৃষকদের দৃষ্টান্ত অনুসরণ করে নৈমিত্তিক বাঁধ রক্ষণাবেক্ষণের ছোট ছোট দায়িত্ব স্থানীয় কৃষকদের ্উপরই ন্যস্ত করা হোক, এক্ষেত্রে সরকার সহায়ক ভূমিকা রাখতে পারেন শুধু। ঠিকাদার কিংবা প্রকৌশলীদের দুর্নীতির মৃগয়াক্ষেত্র নয় বরং কৃষকের হাওর কৃষকই বাঁচাবে, এই হোক হাওরাঞ্চলের উন্নয়ন দর্শন।