স্টাফ রিপোর্টার
পবিত্র নূর। একেবারেই প্রান্তিক কৃষকের ছেলে। বাড়ি ধর্মপাশা উপজেলার নওধার গ্রামে। ময়মনসিংহ মেডিকেল কলেজে (মেধাক্রম ৭২৫) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে। বাবার ৩ একর জমির সবটুকুই গেল বছরের ফসল মৌসুমে পানিতে ডুবে যাওয়ায় কিছু জমি বন্ধক দিয়ে বাবা বাচ্চু তালুকদার ও মা শাহানারা আক্তার গত এপ্রিল মাস থেকে সংসার চালাচ্ছেন। জমি বন্ধকের টাকা থেকেই মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নেবার খরচ চালিয়েছে পবিত্র নূর। পবিত্র নূর বললো-‘আমি পড়বোই মেডিকেল কলেজে, সাধারণ মানুষের ছেলে আমি, ডাক্তার হয়ে সাধারণের পাশেই দাঁড়াতে চাই’।
পবিত্র নূর জানালো, ৪ ভাই ও ২ বোনের মধ্যে বড় ছেলে সে। বাদশাগঞ্জ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা শেষ করে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে জিপিএ-৫ পায় সে।
মোহনগঞ্জে ফুফুর বাড়িতে থেকে পড়াশুনা করেছে পবিত্র নূর। ময়মনসিংহে চাচাতো ভাইয়ের ম্যাচে সামান্য টাকা দিয়ে থেকেছে সে। ঐ টাকাও বেশিরভাগ সময় ফুফু-ই দিয়েছেন পবিত্র নূরকে।
পবিত্র নূর বললো,‘আমি জানি আমার বাবা ভর্তির টাকাও দিতে পারবেন না, এরপরও আমার সংগ্রাম অব্যাহত থাকবে। আমি প্রাইভেট পড়িয়ে বা অন্য কিছু করে নিজের খরচ চালানোর চেষ্টা করবো এবং ডাক্তার হয়ে সাধারণ মানুষের চিকিৎসা সহায়তা দিয়ে আমার বাবা ও ফুফুর মুখ উজ্জ্বল করতে চাই।’
- বাদে মধ্যনগর দিঘর জলমহাল- ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
- সুনামগঞ্জ-দিরাই-শাল্লা সড়কের সেতু ভাঙন- ভোগান্তি শেষ হয়নি


