বিশেষ প্রতিনিধি
হাওরে আগামী বোরো মৌসুমে চাষাবাদের জন্য (বিক্রির লক্ষ্যে) কৃষি মন্ত্রণালয় থেকে ব্রি-ধান ২৯ জাতের বীজ বরাদ্দের চিঠি এসেছে। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম মঙ্গলবার এই তথ্য জানিয়ে বলেছেন, ‘সুনামগঞ্জের মাননীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান কৃষি মন্ত্রীর সঙ্গে কথা বলে এক হাজার ৮০০ মে. টন ব্রি-ধানের জাতের বীজের ব্যবস্থা করেছেন। এর আগে জেলার ১১ উপজেলায় কেবল ব্রি ২৮ জাতের বীজ দেবার চিঠি দেওয়া হয়েছিল।’
গত বছর ১০ কেজি বীজ ধান কৃষকদের কাছে ৩৫৫ টাকায় বিক্রি করা হলেও এবছর ১০ কেজি বীজ ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৫০ টাকা করে ৫০০ টাকা। তবে বীজ ডিলারগণ ১০ কেজির বীজ ধান ৪৩ টাকা কেজি দরে ৪৩০ টাকা করে ক্রয় করবেন। প্রতি কেজিতে লাভের ৭ টাকায় ৩ টাকা করে উৎস কর দিতে হবে।
প্রথমে সুনামগঞ্জের জন্য ব্রি-ধান ২৮ জাতের পাশাপাশি ব্রি-ধান ২৯ জাতের বীজ সরবরাহ করার সিদ্ধান্ত হলেও প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা ও দ্রুত হাওর থেকে ধান কেটে তোলার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় জেলাজুড়ে কেবল ব্রি-২৮ জাতের ৪০১৫ মে.টন বীজ দেবার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সিদ্ধান্তে কৃষকরা হতাশ ছিলেন।
কারণ ব্রি-ধান ২৮ জাতের ফলন ব্রি-ধান ২৯ জাত থেকে অনেক কম হয়। ব্রি-ধান ২৮ জাত চাষাবাদে কৃষকদের আগ্রহ অনেক কম।
বিএডিসির সুনামগঞ্জ বীজ বিপণন কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক আওলাদ হাসান বলেন,‘সুনামগঞ্জে কেবল ব্রি-২৮ জাতের ৪০১৫ মে.টন বীজ সরবরাহ করার সিদ্ধান্ত ছিল। এই সিদ্ধান্ত
পরিবর্তন করা হয়েছে। এখন ব্রি-২৮ জাতের বীজ দেওয়া হবে ২২১৫ মে.টন এবং ব্রি-২৯ জাতের বীজ দেওয়া হবে ১৮০০ মে.টন। এর বাইরে কৃষি পূনর্বাসনের জন্য বীনামূল্যে ১৫০০ মে.টন বীজ দেওয়া হবে।
বীজ বিপণন কেন্দ্রের সিলেট অঞ্চলের উপ-পরিচালক সুপ্রিয় পাল বলেন, ‘দক্ষিণ সুনামগঞ্জ, সদর, জগন্নাথপুর, বিশ্বম্ভরপুর, ছাতক ও দোয়ারাবাজারসহ উঁচু এলাকার ৫৬ হাজার ৪০০ হেক্টর জমি চাষাবাদের জন্য এই বীজ দেওয়া হবে। নিচু এলাকার জমি চাষাবাদের জন্য ব্রি-২৮ জাতের বীজ দেওয়া হবে।’
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন,‘মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানসহ সংশ্লিষ্ট সকলের সহায়তায় আমরা কৃষকদের দাবি পূরণ করতে পেরেছি।’
প্রসঙ্গত. সুনামগঞ্জের জন্য শুধুমাত্র ব্রি-ধান ২৮ জাতের বীজ বরাদ্দ দেওয়ায় কৃষকরা ক্ষুব্ধ হয়ে উঠেন। বীজ ডিলাররাও জেলা প্রশাসকের মাধ্যমে শুধুমাত্র ব্রি-ধান ২৮ জাতের বীজ উত্তোলন করবেন না বলে স্মারকলিপি দিয়েছিলেন।
- দোয়ারাবাজার-ছাতক সড়কের কাজ নিন্মমানের হয়েছে পরির্দশন শেষে এডিসি ও সওজের নির্বাহী প্রকৌশলী
- তাহিরপুরে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন


