বিশ্বম্ভরপুর প্রতিনিধি
সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ‘সরকারের কৃষি পুনর্বাসনের বীজ, সার ও টাকা বিতরণ সঠিক সুষ্ঠুভাবে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করতে হবে। আমরা সরকারি বরাদ্দের বীজ, সার ও টাকা বিতরণের অনিয়ম দুর্ণীতির কথা আর শুনতে চাই না। গত মৌসুমে হাওর অঞ্চলের বোর ফসলী কৃষকরা ব্যাপক ফসলহানিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিশেষ ভিজিএফ চালুসহ সরকার কৃষকদের সহায়তা করে আসছেন। আগামী ফসল উৎপাদনের লক্ষ্যে বিশ্বম্ভরপুর উপজেলার ১৪,২৯২ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার ও নগদ টাকা বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি প্রণোদনা কৃষকরা যাতে কাজে লাগিয়ে ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে পারে এজন্য সকলের সহযোগিতায় দরকার।’
বৃহস্পতিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলার বোর ফসল ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় সার, বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি পীর ফজলুর রহমান মিসবাহ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের সভাপতিত্বে ও শিক্ষক অঞ্জন কুমার দের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ।
এছাড়াও বক্তব্য রাখেন পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান রনজিত চৌধুরী, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ এরশাদ মিয়া, উপজেলা আ,লীগ সভাপতি বেনজীর আহমদ মানিক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান, কৃষকদের পক্ষে স্বপন কুমার বর্মন।


