অভিনন্দন খুদে ফুটবলারদের-এই কলিগুলোকে যত্ন করুন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ফাইনালে উঠেছে সুনামগঞ্জের দুই প্রাথমিক বিদ্যালয়ের খুদে ফুটবলাররা। বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে সদর উপজেলার হোসেন বখত ফরিদা বখত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে তাহিরপুর উপজেলার কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু খেলোয়াড়রা ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে। এই দুই দল সেমিফাইনালে মৌলভীবাজারের দুই বিদ্যালয়কে পরাজিত করেছে। একটি বিভাগীয় প্রতিযোগিতার ফাইনালে উত্তীর্ণ হওয়ায় আমরা বিদ্যালয় দুইটির সোনামনি ফুটবলারদের অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই যে শিক্ষক কিংবা সিনিয়ররা তাদেরকে তৈরি করেছেন, তাদেরকেও। বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসনকেও আমরা অভিনন্দন জানাই তাদেরকে প্রয়োজনীয় উৎসাহ ও সহায়তা জুগিয়ে যাওয়ার জন্য। যেকোন প্রতিযোগিতার ফাইনালে উঠা বিশেষ কৃতিত্বের পরিচয় বহন করে। বাংলাদেশ নামক রাষ্ট্রের জনক এবং তাঁর মহিয়সী সহধর্মীনির নাম যে প্রতিযোগিতার সাথে জড়িত, সেখানে কৃতিত্ব দেখানোটা আরও গৌরবের। আমরা চাই বিজয়ী দুই দলের বিজয়রথ এখানেই থেমে থাকবে না। এই বিজয়রথ বিভাগীয় গ-ি ডিঙিয়ে জাতীয় প্রতিযোগিতায়ও সাফল্যের রঙিন পালক সংযুক্ত করে আনুক এই আমাদের কামনা।
ক্রিকেট আগ্রাসনের এই যুগে ফুটবল এখন অপাঙক্তেয় অনাদরণীয় এক খেলার নাম। গ্রামে-গঞ্জে এখন পর্যন্ত তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা থাকা সত্বেও কেন জানি গণমানুষের এই খেলাটি এখন যথেষ্ট পৃষ্ঠপোষকতা পাচ্ছে না। এই জেলায় ফুটবলের জন্য একটি স্টেডিয়াম রয়েছে কিন্তু বছরের পর পর সেখানে কোন ফুটবলের আসর বসে না। জেলা পর্যায়ে শেষ কবে লীগ খেলা অনুষ্ঠিত হয়েছিল সেই স্মৃতি ঝাপসা হয়ে আছে সকলের মনে। এরকম উপেক্ষার সময়ও আমাদের শিক্ষার্থী বালক ও বালিকারা যখন সিলেটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছে তখন সেটি আনন্দের উপলক্ষ ডেকে আনে বৈকি। আমরা জানি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় ফাইনালে যে শিশুরা অংশ নিবে তাদের ফুটবল ক্যারিয়ার হয়ত আর এগোবে না। কারণ এদের সেইভাবে পরিচর্যা করা হবে না আরও বড় ফুটবলার হয়ে উঠার জন্য। অথচ শিশুবয়সে যে প্রতিভার স্ফূরণ ঘটে সেটি উপযুক্ত যতœ পেলে সাফল্যের তুঙ্গস্পর্শী হতে পারে, এমনটিই অভিমত বিশেষজ্ঞদের। জাতির জনকের নামে চালু করা এই ফুটবল টুর্নামেন্টের বিবিধ উদ্দেশ্যের মধ্যে ভাল ফুটবলার বের করে আনার একটি উদ্দেশ্যও নিহিত ছিল। কিন্তু সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে কোথায়? বেশ তো কয়েক বছর হয়ে গেল এই টুর্নামেন্ট নিয়মিত আয়োজিত হয়ে আসছে। যে শিশুরা জেলা, বিভাগীয় বা জাতীয় পর্যায়ে কৃতিত্ব দেখিয়েছিল তাদের কেউ কি পরবর্তীতেও নিজের ফুটবলার পরিচয়টি ধরে রাখতে পেরেছে?
আজ যখন আমাদের শিশুরা নিজেদের যোগ্যতার পরিচয় দিতে পেরেছে খোলা মাঠে, বাইরের পরিবেশে। তারা নিশ্চয়ই আরও বড় সফলতা দেখানোর যোগ্যতা রাখে। প্রতিযোগিতাকে উপলক্ষ করে আমরা এ বিষয়ে ফুটবল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, ফুটবলের এই কলিগুলোকে যতœ করুন। এরা ফুল হয়ে ফুটে উঠুক আমাদের ফুটবল অঙ্গনে। আমরা হোসেন বখত ফরিদা বখন এবং কলাগাঁও প্রাথমিক বিদ্যালয়ের খুদে ফুটবলারদেরÑ পরবর্তী ধাপে এবং এর পরের ধাপেও, সফলতা কামনা করছি।  
পুনশ্চ: সর্বশেষ সংবাদ অনুসারে হোসেন বখত ফরিদা বখত প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তাদেরকে আবারও বিপুল অভিনন্দন।