স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’ তালিকাভূক্ত হওয়ায় সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলায়ও আগামীকাল শনিবার আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় জেলর কালেক্টরেট ভবন থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হবে। জেলা প্রশাসক কার্যালয়ের স্মৃতিসৌধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আনন্দ শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রায় প্রতিষ্ঠান/দপ্তরের নিজস্ব ব্যানার (১২ ফুট*সাড়ে ৩ ফুট), পুষ্পস্তবক, ফেস্টুন ও প্রয়োজনীয় সাজসজ্জাসহ অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান।
এছাড়াও সকাল সাড়ে ১০টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, দুপুর ১২টায় বিতর্ক, বক্তৃতা ও রিয়েলিটি কুইজ শো, বিকাল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকাল ৫টায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।


