ছাতকে ইন্স্যুরেন্সের টাকা পেতে গ্রাহকদের অবস্থান কর্মসূচী

ছাতক প্রতিনিধি
ছাতকের গোল্ডেন ডিপিএস ডিভিশন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে কয়েক শ’ গ্রাহক। এসময় তারা বিক্ষোভ প্রদর্শন করে পাওনা টাকা পরিশোধের দাবি জানায়। রবিবার সকাল ৮টা থেকে বিকেল ২টা পর্যন্ত গ্রাহকরা অবস্থান কর্মসূচী পালন করে। এসময় তারা একঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন ঘটনাস্থলে পৌছে স্থানীয় মুরব্বীদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পর তারা অবস্থান কর্মসূচী প্রত্যাহার করেন।
গ্রাহকদের অভিযোগ, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকরা ডিপিএসের মেয়াদ পূর্ণ হওয়ার পরও তাদের টাকা পরিশোধ করছে না । পাওনা টাকা চাইতে এলে তাদের বিভিন্ন সময়ে নানা ভাবে নাজেহাল ও হয়রানী করা হয়েছে।
নার্গিস আক্তার নামক এক গ্রাহক বলেন, ২০১১
সালে তিনি একটি বীমা একাউন্ট খুলেছিলেন । ৫ বছর মেয়াদি বীমা একাউন্ট খুলে নির্ধারিত সময় পর্যন্ত নিয়মিত মাসিক প্রিমিয়াম দিয়েছেন তিনি। কোম্পানীর শর্ত অনুযায়ী বীমা দাবি পূরণ করার কথা থাকলেও দু’বছর ধরে তিনি অফিসে ধর্না দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে ডিপিএস ডিভিশন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গোবিন্দগঞ্জ জোনাল কার্যালয়ের ইনচার্জের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, গ্রহকদের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে গ্রাহকরা কর্মসূচী প্রত্যাহার করে নেয়।