ছাতক প্রতিনিধি
ছাতক থানায় নতুন গাড়ি দিয়ে তার কথা রাখলেন সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খান। বৃহস্পতিবার রাতে পুলিশ সুপারের দেয়া নতুন গাড়ি থানায় এসে পৌছলে থানা পুলিশ এক অন্য রকম আনন্দে মেতে উঠে। সম্প্রতি ছাতক থানায় কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজডে অনুষ্ঠানে উপস্থিত জনতার দাবির প্রেক্ষিতে অনুষ্ঠানের বিশেষ অতিথি সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খান এখানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় একটি নতুন গাড়ী প্রদানের আশ্বাস দিয়েছিলেন। গাড়ি উপহার দিয়ে তিনি তার কথা রেখেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বিপিএম। গাড়ি প্রাপ্তির কথা নিশ্চিত করে ছাতক থানার ওসি আতিকুর রহমান আইজিপি, অতিরিক্ত ডিআইজি (ট্রান্সপোর্ট) ও পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ছাতক থানার আইন শৃংখলা রক্ষায় ও অপরাধ দমনে এই গাড়ীটি ভূমিকা রাখবে।


