দিরাই প্রতিনিধি
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, ‘মানবতা বিরোধী অপরাধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চারনেতা হত্যাসহ সকল অপরাধের বিচার শেষ করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। স্বাধীনতা বিরোধী পাকিস্তানের এজেন্টরা যদি দেশে জ¦ালাও পুড়াও না করে তাহলে আগামী দশ বছরের মধ্যে দেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে। আমরা আজ তলাবিহীন ঝুড়ির দেশ নই। পারমানবিক বিশে^ আমাদের বিচরণ শুরু হয়েছে। পদ্মা সেতুর মত বিশাল প্রকল্প আমরা কারো সহযোগিতা ছাড়াই করছি। হাওরাঞ্চলে শিক্ষার মান এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের সরকার। সুনামগঞ্জে মেডিকেল কলেজ, টেকনিক্যাল ইন্সটিটিউট নির্মাণ করা হচ্ছে। হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। একনেকের সভায় হাওরাঞ্চলের কোন প্রকল্প উত্থাপিত হলেই তিনি তা পাস করে দিচ্ছেন।’
দিরাই মদনপুর সড়ক সংস্কার, ঝুঁকিপূর্ণ বেইলি ব্রীজগুলো নতুনভাবে নির্মাণ ও দিরাই শাল্লা মহাসড়কের কাজ দ্রুত শেষ করার আশ^াস দিয়ে তিনি বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামীতেও আওয়ামী লীগকে ভোট দিতে হবে। শেখ হাসিনা সরকার যতদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবে দেশের সাধারণ মানুষের কল্যাণ হবে, দেশের উন্নয়ন হবে।’
তিনি বলেন, ‘আগামীতে সুনামগঞ্জের ৫টি আসনই আমরা শেখ হাসিনাকে উপহার দিতে চাই। নৌকা প্রতীক নিয়ে যারাই আসবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করবো। বিজয়ী হয়ে শেখ হাসিনার উন্নয়নকে তরান্বিত করতে সর্বশক্তি দিয়ে কাজ করে যাব।’
শুক্রবার সকাল ১০টায় দিরাই উপজেলার উমেদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হারুন অর রশীদ স্মৃতি ফাইন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদিকুর রহমান সাও মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়ের পরিচালনায় বৃত্তিপ্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ড. জয়া সেনগুপ্তা, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসাব উদ্দিন সরদার, সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বুরহান উদ্দিন প্রমুখ।


