স্টাফ রিপোর্টার
দিরাই উপজেলায় ঘরে ঢুকে ছুরিকাঘাতে মেধাবী ছাত্রী হুমায়রা আক্তার মুন্নীকে (১৬) হত্যার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শস্তির দাবিতে গতকাল মঙ্গলবার সুনামগঞ্জে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা।
বেলা ১১টায় পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন হয়। এতে
শহরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের লোকজন অংশ নেন। মানববন্ধনে বক্তারা বখাটেপনা ও উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহবান জানান।
গত শনিবার রাতে দিরাই পৌর শহরের মাদানী মহল্লা এলাকায় ঘরে ঢুকে পড়ার টেবিলেই হুমায়রা আক্তার মুন্নীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে বখাটে ইয়াহিয়া সরদার (২২)। এ সময় মুন্নী ও তার ছোটভাই ঘরের ওই কক্ষে পড়ছিল। পড়ার টেবিলেই তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বখাটে ইয়াহিয়া। পরে হাসপাতালে নেওয়া পথে মুন্নী মারা যায়। প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ইয়াহিয়া ক্ষুব্ধ হয়ে এই কাজ করেন। এর আগে মুন্নীকে হত্যার হুমকি দিয়েছিলেন তিনি।
মেধাবী ছাত্রী মুন্নী দিরাই বালিকা উচ্চবিদ্যালয় থেকে আগামি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। প্রাথমিক সমাপনী পরীক্ষা ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল সে।
মানববন্ধন চলাকালে সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন সুনামগঞ্জের বিশিষ্ট নারীনেত্রী শীলা রায়, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, জেলা খেলাঘর আসরের সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক বিজন সেন রায়, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা যুব ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট এনাম আহমেদ, সমকাল সূহৃদ সমাবেশের জেলা সভাপতি অ্যাডভোকেট এ এস এম মাহবুবুল হাছান তালুকদার শাহীন, জেলা উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্র ইউনিয়নের সহসভাপতি দ্বিপাল ভট্টাচার্য প্রমুখ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে প্রবীণ শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, সাংস্কৃতিকব্যক্তিত্ব অভিজিৎ চৌধুরী, বিশিষ্ট আইনজীবী স্বপন কুমার দাস রায়, সমাজকর্মী বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, দৈনিক সুনামগঞ্জের খবর’র সম্পাদক পঙ্কজ কান্তি দে, প্রথম আলোর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান, টিআইবির সুনামগঞ্জ সনাকের সহসভাপতি ও সৃজন বিদ্যাপীঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানা, ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যার মো. মনোহর আলী ও মো. সাহাব উদ্দিন, সমাজকর্মী স্বপন দাস, দৈনিক আমাদের সময়’র জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, জেলা জাসদের নেতা সালেহীন চৌধুরী শুভ, জেলা মহিলা পরিষদের সদস্য আতিফা ইসলাম সাথী, শিল্পী সরকার, রাশেদা বেগম, সাংবাদিক আকরাম উদ্দিন, কৃষকনেতা আবদুল কাইয়ুম, বন্ধুসভার হায়দার আলী, প্রদীপ পাল, আশরাফুজ্জামান বাবলু, শাহজাহান আলম সিদ্দিকী, রাজীব দেব, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান প্রিয়ন প্রমুখসহ সুনামগঞ্জ বন্ধুসভার অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নারীনেত্রী শীলা রায় বলেন, সকালে টেলিভিশনে দেখছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক হাজার কিশোরীদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, নারী উন্নয়নের কথা বলছেন। তিনি কিশোরীদের এগিয়ে যেতে প্রেরণা দিচ্ছিলেন। তখনি মনে হচ্ছিল আর কিছুক্ষণ পরই এক মেধাবী ছাত্রীর নিষ্ঠুর হত্যাকা-ের বিচার চাইতে পথে দাঁড়াতে হবে। বড় কষ্ট হচ্ছিল তখন। এই মৃত্যু মেনে নেওয়া যায় না। আমরা সমাজের সর্বস্তরে নারীদের নিরাপত্তা চাই। এ জন্য সংশ্লিষ্টদের আন্তারিকভাবে কাজ করতে হবে।
মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু বলেন, আমি একজন মেয়ের বাবা ও একজন অভিভাবক হিসাবে ভারাক্রান্ত হৃদয়ে এখানে এসে দাঁড়িয়েছি। আমরা খবুই উদ্বিগ্ন, চিন্তিত। মুন্নী হত্যার ঘটনা প্রমাণ করল, ঘরেও আমাদের মেয়েরা নিরাপদ হয়। আমরা কার কাছে নিরাপত্তা চাইব, কে আমাদের মেয়েদের নিরপত্তা দেবেন। এইসব ভাবলে হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা এমন বাংলাদেশের জন্য যুদ্ধ করিনি। আমরা প্রশাসনকে বলব, দ্রুত এই ঘাতককে গ্রেপ্তার করুন। আইনের আওতায় আনুন।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া বলেন, আমরা আর কোনো মুন্নীর মৃত্যু চাইনা। আমরা বারবার এভাবে মানববন্ধনে দাঁড়াতে চাই না। আমরা এই অবস্থার অবসান চাই। এ জন্য প্রশাসন, পুলিশকে আরও কঠোর হতে পারে। পাশপাশি সামাজিক প্রতিরোধ গতে তুলতে হবে। এ জন্য সমাজের সকল মানুষকে এগিয়ে আসতে হবে।
- সরকারি কলেজে ছাত্র বিক্ষোভ প্রশাসনিক ভবনে তালা
- বখাটে ইয়াহিয়া এখনো গ্রেপ্তার হয়নি- বৃহস্পতিবার সহপাঠীদের প্রতিবাদ


