সরকার গ্রামের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে -এমএ মান্নান

স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ মান্নান বলেছেন, ‘বর্তমান সরকার গ্রামের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। বছরের শুরুতেই বিনামূল্যে কোটি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। নারী শিক্ষার প্রসারে কলেজ পর্যন্ত উপবৃত্তি চালু করেছে। বাজেটে শিক্ষার জন্য বিশেষ বরাদ্দ দেয়া হচ্ছে।’
সদর উপজেলার জয়নগর বাজার হাজী গনি বক্স উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির    
বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিদ্যালয়ে জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষা কেন্দ্র চালু করতে শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনি আরও বলেন,‘পরীক্ষা কেন্দ্র চালু করতে ও বিদ্যালয়ের উন্নয়নে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন আমি ততটুটু চেষ্টা করব। ’
সোমবার দুপুরে বিদ্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জয়নগর বাজার প্রদক্ষিণ করে।
জয়নগর বাজার হাজী গনি বক্স উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মইনুল কলেজের প্রতিষ্ঠাতা মইনুল হকের সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র রইসুজ্জামান ও আবু তালেবের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুন নাহার বেগম শাহানা রব্বানী, সিলেট মদনমোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ আতাউর রহমান পীর, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, বিদ্যালয়ের শিক্ষক বিকাশ রঞ্জন দাস প্রমুখ।