শহরে পীর মিসবাহ্’র শো-ডাউন

স্টাফ রিপোর্টার
জাতীয় পার্টির ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ শহরে শো-ডাউন করলেন সুনামগঞ্জ-৪ আসনের জাপার এমপি পীর মিসবাহ্। সোমবার দুপুর ১২ থেকেই সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা থেকে জাপার নেতা-কর্মীরা মিছিল সহকালে পীর মিসবাহ্’র হাসননগরের বাসভবনের সামনে জমায়েত হতে থাকেন। পরে পীর মিসবাহ্’র নেতৃত্বে গণমিছিল বের হয় শহরে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- অ্যাডভেকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি সাবেক সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ, জেলা জাপার যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী খুশনুর, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মাষ্টার, দলীয় নেতা সাইফুর রহমান সমছু, জেলা জাপার      যুগ্ম-আহবায়ক রশীদ আহমদ, সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক গোলাম হোসেন অভি প্রমুখ।
সমাবেশে পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেন ‘জাতীয় পার্টির আমলে দেশের মানুষ শান্তিতে ছিলো, দেশে কোন বিশৃঙ্খলা ছিল না। বর্তমান সময়ে দেশের মানুষ শান্তিতে নাই, দিনদিন মারামারি রাহাজানি বেড়েই চলছে। জাতীয়পার্টি দেশের উন্নয়ন চায়, উন্নয়নে এরশাদ এবং জাপার কোন বিকল্প নেই’ সকলে ঐক্যবদ্ধভাবে লাঙ্গলে ভোট দিয়ে এলাকার উন্নয়ন অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে গত ৪ বছরে তাঁর নির্বাচনী এলাকার উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘এর আগে কোন সময়েই এই নির্বাচনী এলাকায় এতো উন্নয়ন হয়নি।’
 তিনি বলেন, ‘আমি দরিদ্র পরিবারের সন্তান, আপনাদের সমর্থন ও সহযোগিতায় দায়িত্ব পালন করেছি। ঢাকায় বসে রাজনীতি করছি না। আপনাদের সাথেই সার্বক্ষণিক থেকেছি, ভবিষ্যতে এভাবেই থাকবো।’