ছাতকের পল্লীতে অগ্নিকাণ্ড

ছাতক প্রতিনিধি
ছাতকে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতঘরসহ মালামাল ভষ্মিভুত হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরগাতি-নোয়াগাঁও গ্রামের মৃত ইসকান্দর আলীর পুত্র আমির উদ্দিনের বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় বসতঘরসহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার গভীর রাতে আমির উদ্দিনের বসতঘর সংলগ্ন খড়ের ঢিবিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খড়ের আগুন মুহূর্তের মধ্যে বসতঘরে ছড়িয়ে পড়লে আগুন ভয়াবহরূপ ধারণ করে। স্থানীয় লোকজন আপ্রাণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই গোটা বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।  
দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মছব্বির জানান, টিন সেডের বিশাল বসতঘর ও ঘরের যাবতীয় মালামাল পুড়ে গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কোন কিছু জানা যায়নি।