সানরাইজার্সের নতুন বিজ্ঞাপনে মুস্তাফিজ

সু.খবর ডেস্ক
দল যেটাই করুক না কেন উদযাপনের মধ্যমনি সর্বদাই মুস্তাফিজুর রহমান। আর হবেই বা কেন এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর ১২ ম্যাচে ১৪ উইকেট নিয়ে তাতে সবচেয়ে বেশি অবদান তো মুস্তাফিজেরই।
কাটার, স্লোয়ার, ইয়র্কার দিয়ে ভারতে ইতিমধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন মুস্তাফিজ। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার বিজ্ঞাপনেও চলে এসেছেন এই কাটার মাস্টার। ডেস্ক টু ডেস্ক কুরিয়ার অ্যান্ড কার্গো (ডিটিডিসি) নামক একটি অনলাইন ডেলিভারি ওয়েবসাইট তাদের বিজ্ঞাপনে মুস্তাফিজ, যুবরাজ, ওয়ার্নারদের ব্যবহার করছে।
৫৯ সেকেন্ডের এই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে টেলিভিশনের সামনে বসে সিরিয়াল দেখে কাঁদছেন মুস্তাফিজ, ওয়ার্নার, মরগান এবং উইলিয়ামসন। যুবরাজ এসে জানান, ম্যাচ শুরুর আর মাত্র ১২ ঘণ্টা বাকি আছে। ব্যাটের কিট খুলতে গিয়ে ওয়ার্নার দেখেন তার ব্যাটটা গায়েব! মরগ্যান তার ব্যাট ধার দিতে চাইলেও ওয়ার্নার বলেন এই ব্যাটটি তার জন্য বেশ লাকি।
যুবরাজ তখন ডিটিডিসিতে ফোন দিয়ে ওয়ার্নারের জন্য তার লাকি ব্যাট নিয়ে আসতে বলেন। এদিকে মাঠে নামার জন্য সবাই প্রস্তুত মনভারী করে বসে আছেন ওয়ার্নার। এমন সময় চলে এলো ব্যাট। ব্যাট পেয়ে বেজায় খুশি হায়দরাবাদ অধিনায়ক। এমন সময় বাঁধে নতুন এক বিপত্তি।
কেন উইলিয়ামসন অবাক হয়ে বলেন কোচ উধাও। ইয়ন মরগান ফোন করে জানতে পারেন ফ্লাইট মিস করেছেন কোচ। ওয়ার্নার তখন ডিটিডিসিকে ফোন দেন তাদের কোচকে পৌঁছে দেওয়ার জন্য! বিজ্ঞাপনটি হায়দরাবাদের অফিশিয়াল ফেসবুক পেজেও দেওয়া হয়েছে।