জলে ডুবে ভাই বোনের মৃত্যু- শিশু তুষ্টি তুষারের মামার বাড়ি যাওয়া হলো না

পিসি দাস, শাল্লা
শাল্লায় ট্রলার ডুবিতে দুই শিশু’র মৃত্যু ঘটেছে। এরা সম্পর্কে ভাই বোন। সোমবার বেলা আড়াইটায় উপজেলার কালিয়াকুটা হাওরে ট্রলার ডুবে এই মর্মস্পর্শি দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে তুষ্টি রানী সরকার (৫) ও তুষার সরকার (দেড় বছর)। ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের হেমসেন সরকারের ছেলে- মেয়ে এই দুই শিশু।
পুলিশ ও গ্রামবাসী জানান, দুপুর দেড় টায় ছেলে- মেয়েদের মামার বাড়ি দিরাই  উপজেলার রফিনগর ইউনিয়নের বলনপুর নিয়ে যাবার জন্য ট্রলারে করে হেমসেন সরকার, তার স্ত্রী মিথন সরকার এবং ছেলে তুষার ও মেয়ে তুষ্টিসহ ৬ জন রওয়ানা দেন। পথে কালিয়াকুটা হাওরে গিয়ে ঝড়ের কবলে পড়লে ট্রলারটি উল্টে যায়। এসময় হেমসেন ও মিথন শিশুদের বাঁচানোর চেষ্টা করলেও হাওরের ঢেউয়ের পানিতে দুই শিশু পানি খেয়েই মারা যায়। দূর থেকে গ্রামের লোকজন সকলকে উদ্ধার করেন। পরে হাওরপাড়ের বাংলাবাজারে শিশু তুষ্টি ও তুষারকে নিয়ে গেলে ডাক্তার দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
শাল্লা থানার ওসি বজলার রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে নিহত শিশুদের সৎকার করার জন্য পরিবারের সদস্যদের বলে দেওয়া হয়েছে।