এনামুল হক এনি, ধর্মপাশা
নৌকার পক্ষ ভোট চেয়ে আবেগে কাঁদলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরান।
সোমবার বিকেল তিনটায় ধর্মপাশা উপজেলার মধ্যনগর বাজারে মধ্যনগর ও চামরদানি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থীর পক্ষে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি উপস্থিত জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। এ সময় দুই চেয়ারম্যান প্রার্থীও কেঁদে ফেলেন এবং চোখের পানি মুছতে থাকেন।
কামরান তাঁর বক্তব্যে দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণ সকল ক্ষমতার মালিক। তাই ক্ষমতার মালিকদের কাছে এসেছি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পরাজয় হলেও ২০১৯ সালের আগে সরকার পরিবর্তন হবে না। সিলেটে এখন পর্যন্ত যতগুলো
ইউনিয়নে নির্বাচন হয়েছে তার সবকটিতেই নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।’
তিনি তাঁর বক্তব্যে মধ্যনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রবীর বিজয় তালুকদার ও চামরদানি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলমগীর খসরুকে জনগণের আমানত ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
পথসভায় মধ্যনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অখিল তালুকদারের সভাপতিত্বে ও মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. রণজিত সরকার, সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, এমসি কলেজ শাখা ছাত্রলীগ নেতা লিটন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্রত সামন্ত সরকার, মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন নূরী, মধ্যনগর থানা আওয়ামী লীগ নেতা খসুরুজ্জামান বাবলু, মধ্যনগর চেয়ারম্যান প্রার্থী প্রবীর বিজয় তালুকদার, চামরদানি ইউপির চেয়ারম্যান প্রার্থী আলমগীর খসরু প্রমুখ।
- শচীনের রেকর্ড ভেঙেই সিরিজ জিতলেন কুক
- ‘সাড়ে ৪ কোটিরও বেশি মানুষ আধুনিক দাসত্বের শিকার’ বাংলাদেশে ১৫ লাখ ৩০ হাজার


