সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস ভাড়া নিয়ে বিভ্রান্তি- কেউ ৯০, আবার কেউ ১০০ টাকা আদায় করছে

আকরাম উদ্দিন
সুনামগঞ্জ-সিলেট রোডে নির্ধারিত বাস ভাড়া নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরাও পড়েছেন নানা বিভ্রান্তিতে। বুধবার সকাল থেকে সুনামগঞ্জ বাসস্ট্যান্ডের পৃথক পৃথক কাউন্টার থেকে কেউ ৯০ টাকা, আবার কেউ ১’শ টাকা ভাড়া আদায় করেছে। অথচ. সরকারীভাবে সুনামগঞ্জ-সিলেট রোডের নির্ধারিত ভাড়া রয়েছে যাত্রীপ্রতি ৮৮ টাকা ৪ পয়সা।
সরকারের নির্ধারিত ভাড়া হচ্ছে প্রতি কিলোমিটারে ১ টাকা ৪০ পয়সা। সেই হিসাবে সুনামগঞ্জ-সিলেট সড়কের ৬২ কিলোমিটারে বাস ভাড়া হয় ৮৮ টাকা ৪ পয়সা। কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে ১০০ টাকা।
সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের মহাসচিব মো. মোজাম্মেল হক মঙ্গলবার তাদের সমিতি যাত্রীপ্রতি ৯০ টাকা ভাড়া এবং বিরতিহীন সার্ভিসের মান অক্ষন্নু রাখার জন্য যাত্রীদের টিকেটের পেছনে মোবাইল নম্বর সংযুক্ত করে দিয়েছে জানিয়ে জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন।
এই সমিতির সেক্রেটারী মো. জুয়েল মিয়া বলেন,‘আমরা বুধবার সকাল থেকেই ৯০ টাকা করে ভাড়া নিচ্ছি, বিরতিহীন গাড়ীগুলো পথে কোন স্থান থেকে যাত্রী উঠালে জরিমানা করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে’।
জুয়েল মিয়া জানান, সকাল থেকে সিলেট মোটর মালিক গ্রুপ, সিলেট বাস-মিনিবাস মালিক গ্রুপ এবং সুনামগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির গাড়িগুলো ১০০ টাকা করেই ভাড়া আদায় করছে।
সিলেট মোটর মালিক গ্রুপের সুনামগঞ্জ অফিসের প্রধান ম্যানেজার মো. সোয়েব আহমদ বলেন, ‘সুনামগঞ্জ বাসস্ট্যান্ডের কাউন্টারে কেউ ৯০ টাকা, আবার কেউ ১’শ টাকা করে ভাড়া আদায় করছেন। একটি সমিতি এককভাবে সিদ্ধান্ত নিয়ে ৯০ টাকা ভাড়া আদায় করছে। সরকারীভাবে সুনামগঞ্জ-সিলেট রোডের নির্ধারিত ভাড়া রয়েছে ৮২    টাকা। এখন যাত্রীরাও নানা বিভ্রান্তিতে পড়েছেন। এ নিয়ে অন্যান্য সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা চলছে। সকলে মিলে শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে’।
সুনামগঞ্জ সড়ক পরিবহন মালিক গ্রুপের ম্যানেজার মতিন মিয়া বলেন,‘বুধবার বিকাল থেকে আমরা ৯০ টাকা করেই ভাড়া আদায় করছি’।
সুনামগঞ্জ বিআরটিএ’র ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন,‘মঙ্গলবারও সুনামগঞ্জ-সিলেট সড়কে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। সুনামগঞ্জ-সিলেট সড়কের দূরত্ব সর্বোচ্চ ৬২ কিলোমিটার, সরকারি হিসাবে এখানে ভাড়া হয় ৮৮ টাকা ৪ পয়সা, কিন্তু আদায় করা হচ্ছে ১০০ টাকা, সরকার নির্ধারিত ভাড়া চালু না হওয়া পর্যন্ত প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে, যারা অতিরিক্ত ভাড়া আদায় করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।