খেলা গড়ালো প্রাণঘাতি সংঘর্ষে দ. সুনামগঞ্জে ছাত্র নিহত, আহত ৩০

দ. সুনামগঞ্জ ও জাউয়া প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আব্দুল গফুর হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে দিলমান হোসেন (১৫) নামের এক নবম শ্রেণীর ছাত্র নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। নিহত দিলমান ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বাদেশ্বরী গ্রামের আব্দুল কাদিরের ছেলে। বৃহস্পতিবার  দুপুরে আব্দুল গফুর হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই ঘটনাটি ঘটে। ছাত্র নিহত হওয়ার ঘটনায় জাউয়াবাজার এলাকায় বিক্ষুদ্ধ ছাত্ররা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় অবরোধ তুলে নেয়া হয়।   
বিদ্যালয়ের ছাত্র ফয়সল ও মোশারফ জানায়, মাঠে খেলা চলার সময় ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের বরকাফন গ্রামের ১০শ্রেণীর ছাত্র মোসারফের সাথে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আলমপুর গ্রামের বাসিন্দা লিলু মিয়ার বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরই জের ধরে আলমপুর, ছিকারকান্দি গ্রামের লোকজনের সাথে বিদ্যালয় ছাত্রদের সংঘর্ষ বেধে যায়। প্রায় ঘণ্টাব্যাপি সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে ময়নুল হোসেন, আমির আলী, হোসেন আহমদ, আখলু মিয়া, শামীম আহমদ, সেলিম মিয়া, ফয়সল আহমদ, মোবারক আলী, আহমদ আলী, মখসুদ আলী, রশিদ মিয়া, সবুজ মিয়া, আলম মিয়া, সাকির উদ্দিন, বদরুল মিয়া, মখবুল সিব্বির আহমদ, রুহুল আমীন, রুবেল মিয়াসহ ৩০ জন আহত হয়। সংঘর্ষে বিদ্যালয়ের নবম ছাত্র দিলমান হোসেন (১৫)কে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়।  চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায় দিলমান হোসেন। আহতদের কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন,‘নিহত স্কুল ছাত্র দিলমান আহমেদের লাশ বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।’
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘দুই গ্রামবাসীর সংঘর্ষে এক স্কুল ছাত্র মারা গেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।