ভিআইপিরা এবার চেয়ার হারালেন

স্টাফ রিপোর্টার
৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার ভিআইপি চেয়ারম্যান প্রার্থীরা দলীয় প্রতিদ্বন্দ্বিতায় চেয়ার হারিয়েছেন। তাহিরপুর উপজেলায় অতীতে হ্যাট্রিক করা প্রাক্তন দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবার নির্বাচনে হারলেন। এছাড়াও বিশ্বম্ভরপুর ও ধর্মপাশায় বিদ্রোহী প্রার্থীর কাছে শোচনীয়ভাবে ধরাশায়ী হয়েছেন বর্তমান দুই চেয়ারম্যান।
তাহিরপুরে দলীয় কোন্দলসহ নানা কারণে এবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান দুই চেয়ারম্যান আবুল হোসেন খান ও আতাউর রহমানের পরাজয় হয়েছে বলে জানা গেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি উত্তর শ্রীপুর ইউনিয়নে দলীয় প্রার্থী আবুল হোসেন বিএনপির প্রার্থী খসরুল আলমের কাছে এবার ধরাশয়ী হয়েছেন। পর পর চারবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আবুল হোসেন খান এবার নৌকা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৯৫৮ ভোট। এই ইউনিয়নে বিএনপির প্রার্থী খসরুল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ২৬৭ ভোট। ৩০৯ ভোটে পরাজিত হয়েছেন আবুল হোসেন খান। দীর্ঘ ২৪ বছর পর আবুল হোসেন খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি হারালেন।
বালজুরি ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ.লীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান এবার দলের বিদ্রোহী প্রার্থী আব্দুল জহুর তালুকদারের নিকট হেরেছেন। আব্দুল জহুর আনারস প্রতীকে ৩ হাজার ৯১২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। টানা তিন বারের নির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান পেয়েছেন ৩ হাজার ১৪ ভোট। ৮৯৮ ভোটে পরাজিত হয়েছেন আতাউর রহমান।
ফতেপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামচ্ছুজামান শাহ এবারের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নেতা রনজিত চৌধুরী রাজনের কাছে হেরেছেন।
রনজিত চৌধুরী রাজন অটো রিকশা প্রতীকে ৩২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ ঘোড়া প্রতীকে ২৬৪৭ ভোট পেয়েছেন। বিএনপির দলীয় প্রার্থী শাহাব উদ্দিন সাবুল ধানের শীষ প্রতীকে ২৪১০ ভোট পেয়েছেন। মূল প্রতিদ্বন্দ্বীতায় থাকতে পারেনি আ.লীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান শামচ্ছুজামান শাহ, তিনি দলীয় প্রতীক নৌকা মার্কায় ১৮৮৯ ভোট পেয়েছেন। বিদ্রোহী প্রার্থীর কাছে ১৩৬৭ ভোটে হেরে ৪র্থ অবস্থানে রয়েছেন তিনি।
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক এমপি আব্দুল হেকিম চৌধুরীর ছেলে দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী এবার দলের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা সেলিম আহমদের কাছে হেরেছেন। সেলিম আহমদ ঘোড়া প্রতীকে ৬ হাজার ৫০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম ধানের শীষ প্রতীকে ৪ হাজার ৭৩৩ ভোট পেয়েছেন। বর্তমান চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারেন নি। তিনি নৌকা প্রতীকে ৩ হাজার ৬৫৭ ভোট পেয়েছেন। বিদ্রোহী প্রার্থীর কাছে ২৩৯৩ ভোটে পরাজিত হয়েছেন তিনি।