ভালবাসায় সিক্ত ব্যারিস্টার ইমন

স্টাফ রিপোর্টার
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত শেষে জেলা সদরের বাসায় ফিরেছেন।
শুক্রবার বিকালে ছাতকের গোবিন্দগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় স্থানীয় নেতাকর্মীদের আয়োজিত জনসভায় যোগদান শেষে সন্ধ্যায় বাসায় ফিরেন তিনি। এর আগে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি শহীদ মুক্তিযোদ্ধা তালেব ভাস্কর্যের উদ্বোধন করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শত শত নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রা করে ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে তাঁর শহরের হাছন নগরের বাসভবনে নিয়ে যান। পরে সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে ব্যারিস্টার ইমন বলেন, ‘আমি সুনামগঞ্জবাসীর ভালবাসায় সিক্ত হয়েছি। জেলাবাসীর এই ভালবাসা, দোয়া ও আশির্বাদ আমি সারা জীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখব। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে দলের সকল নেতাকর্মীদের নিয়ে কাজ করব।’  
এছাড়া আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত লাহীন, জেলা যুবলীগের সিনিয়র নেতা আতিকুল ইসলাম আতিক, অ্যাড. নূরে আলম সিদ্দিক উজ্জ্বল প্রমুখ। এসময় জেলার বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। এর আগে বিকালে দলীয় নেতাকর্মীরা তাঁকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে স্বাগত জানান।