সাঁড়াশি অভিযান জেলায় গ্রেফতার ৪২ জন

স্টাফ রিপোর্টার
জঙ্গি ও সন্ত্রাসী ধরতে বিশেষ অভিযানের প্রথম রাতে সুনামগঞ্জে ৪২ ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃত সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
জেলা পুলিশ কন্ট্রোলরুম সূত্র জানায়, শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া এ অভিযানে জেলায় বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়। সবাইকে আজ শনিবার আদালতে পাঠানো হবে। এদিকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানো, জঙ্গিদের তালিকা হালনাগাদ, কমিউনিটি পুলিশিংকে কার্যকর করা, আগন্তুক ও ভাড়াটেদের ওপর নজরদারি বাড়ানো এবং বিদেশিদের নিরাপত্তা দেওয়াসহ বিভিন্ন বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সুপার হারুন অর রশিদ জানিয়েছেন, সারাদেশের ন্যায় শপিংমল, বাস ও লঞ্চে, সড়ক-মহাসড়কে বিভিন্ন নামে চাঁদাবাজি, বাস ও লঞ্চ টারমিনালে পকেটমার ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধেও কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানুষের কেনাকাটার সুবিধার্থে এবং তারাবির নামাজের সময় অপরাধীদের তৎপরতা রোধ করতে টহল দিচ্ছে পুলিশ।