শাল্লায় পিআইসি সচিবের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের অভিযোগ

স্টাফ রিপোর্টার
জেলার শাল্লা উপজেলার ছায়ার হাওরের মাদারিয়া খাল বাঁধ নির্মাণ প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি কর্তৃক প্রকল্পের সদস্য সচিবের স্বাক্ষর জাল করে এক লাখ ৬০ হাজার ৪’শ টাকা উত্তোলনের অভিযোগ ওঠেছে। প্রকল্পের সদস্য সচিব পিসি দাস বলেছেন,‘এই প্রকল্পে এক লাখ টাকার কাজও হয়নি, এজন্য   আমি ৩য় কিস্তির টাকা উত্তোলনের সময় স্বাক্ষর দেইনি, কিন্তু প্রকল্প চেয়ারম্যান আমার স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন’। বিষয়টি সংশ্লিষ্ট পাউবো’র উপবিভাগীয় প্রকৌশলী এবং ব্যাংক ব্যবস্থাপককে জানিয়েছেন পিসি দাস।
পিসি দাস জানান, ছায়ার হাওরের মাদারিয়া খালে বাঁধ নির্মাণের জন্য প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি করা হয় প্রকল্পের পার্শ্ববর্তী গ্রাম আনন্দপুরের মিহির কান্তি রায় ও সদস্য সচিব করা হয় একই এলাকার নোয়াগাঁও গ্রামের পিযুষ কান্তি দাসকে।
প্রকল্পের কাজ শুরুর আগে রূপালী ব্যাংক, সুনামগঞ্জ শাখার সভাপতি ও সম্পাদকের নামে ব্যাংক হিসাব খোলা হয়। প্রকল্পের কাজ চলাকালে গত বছরের ৪ ফেব্রুয়ারি সভাপতি ও সদস্য সচিবের স্বাক্ষরে এক লাখ ৬৩ হাজার ৪’শ টাকা উত্তোলন হয়। দ্বিতীয় কিস্তিতে ৩ রা মার্চ একইভাবে এক লাখ ৫৪ হাজার ৪’শ টাকা উত্তোলন হয়।
তৃতীয় কিস্তির টাকা উত্তোলনের সময় সদস্য সচিব পিসি দাস স্বাক্ষর করেননি, কিন্তু টাকা ওঠে এক লাখ ৬০ হাজার চার’শ টাকা।
সদস্য সচিব পিসি দাস বলেন,‘প্রকল্পের কাজ চলাকালে দুই কিস্তিতে যে টাকা ওঠেছে, ঐ টাকার কাজই হয়নি, এলাকায় আমাদের জবাবদিহিতা রয়েছে, আমার বাড়ির পাশের বাঁধ, আমি এমপি’র প্রতিনিধি, আমার সঙ্গে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের ভাবমূর্তিও জড়িত, ৩য় কিস্তির টাকা তোলার সময় বাধা দিয়েছি আমি, এ বিষয়ে মামলা করবো আমি’।
প্রকল্পের সভাপতি মিহির কান্তি রায় অবশ্য বলেছেন,‘সকল টাকাই তোলা হয়েছে সদস্য সচিবের স্বাক্ষর নিয়ে, এখন তিনি যা বলছেন অসত্য বলছেন এবং ক্ষমতাও দেখাচ্ছেন, শাল্লা উপজেলায় এই প্রকল্পের কাজই সবচেয়ে ভাল হয়েছে, এ বাঁধ ভেঙেছে সকল বাঁধের শেষে’।
পাউবো’র শাল্লা সার্কেলের উপ-বিভাগীয় প্রকৌশলী খলিলুর রহমান বলেন,‘বিষয়টি পিসি দাস আমাদেরও বলেছেন, আমরা বলেছি ব্যাংকে গিয়ে কথা বলার জন্য’।
রূপালী ব্যাংকের সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক চৌধুরী মনিরুজ্জামান বলেছেন,‘এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো আমরা’।