ছাতকে হাঁস নিয়ে সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ

ছাতক প্রতিনিধি
ছাতকে সরকারী সড়ক দিয়ে পালিত হাঁস নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে সংঘর্ষের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল শনিবার কালারুকা ইউনিয়নের রায় সন্তোষপুর গ্রামের মৃত মখলিছ আলীর পুত্র আবু বকর বাদী হয়ে একই গ্রামের মানিক মিয়া ও নাসির মিয়াসহ ১৫জনের বিরুদ্ধে এ অভিযোগ দেন। অভিযোগ থেকে জানা যায়, আবুবকরের চাচাতো ভাই লিকেন মিয়া সরকার ঘোষিত ‘একটি বাড়ি  
একটি খামার’ প্রকল্পের অংশ হিসেবে নিজ বাড়িতে হাঁসের খামার তৈরী করে হাঁস লালন-পালন করে আসছে। খামারের হাঁস সরকারি সড়ক ব্যবহার করে মাঠে আনা-নেয়া করতে প্রতিহিংসা বশতঃ প্রায়ই নিষেধ-বাধা দিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে প্রতিপক্ষ। শুক্রবার বিকেলে মাঠ থেকে হাঁস নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ মানিক মিয়ার সাথে খামার মালিক লিকেনের বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন আবু বকরের অপর চাচাতো ভাই রজব আলীর বসত বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট চালায়। হামলায় মাহিলাসহ অন্তত ৮ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত আবু বকরের মা জয়গুন নেছা(৭৫) ও চাচাতো ভাই গৌছ আলী(৪০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যন্যা আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার ভোরে ছাতক থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান প্রতিপক্ষের বসত ঘর থেকে বেশ কিছু লাঠি-সোটাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ব্যাপারে এসআই সৈয়দ আব্দুল মান্নান জানান, সংঘর্ষে ব্যবহৃত বেশ কিছু লাঠি ও সুলফি জব্দ করা হয়েছে এবং ইট-পাটকেল পুকুরে ফেলে দেয়া হয়েছে।