এনামুল হক, ধর্মপাশা
ধর্মপাশা উপজেলার কাইল্যানী হাওর থেকে পানি না নামায় বীজতলা ভেসে উঠেনি এখানো। তাই এই হাওরের কৃষকেরা বীজ বুনতে পারছেন না। ফলে এই হাওরের ফসলরক্ষা বাঁধের শাহপুরের জাঙ্গাল (পানি নামার ভাঙা অংশ) কেটে পানি নিষ্কাশনের জন্য চামরদানী ইউনিয়নের শাহপুর গ্রামের কৃষক শাহজাহান মিয়া গত কয়েকদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত বুধবার সকালে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী (পওর-২) মাহমুদুল ইসলাম উপজেলার মধ্যনগর বাজারে গেলে কাইল্যানী হাওরের কৃষকদের পক্ষ থেকে শাহপুরের জাঙ্গাল পরিদর্শন করার জন্য আহ্বান জানানো হয় তাকে। প্রথমদিকে মাহমুদুল ইসলাম সময় না থাকার অজুহাতে সেখানে যেতে অস্বীকৃতি জানান। পরে তিনি কৃষকদেরকে একটি স্পিডবোটের ব্যবস্থা করতে বলেন। আর্থিক সংকটের কারণে কৃষকেরা স্পিডবোটের ব্যবস্থা করতে না পেরে বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্নাকে জানান। পরে কৃষকেরা নিরুপায় হয়ে একটি স্পিডবোটের ব্যবস্থা করলে মাহমুদুল ইসলাম জাঙ্গাল পরির্দশনে যান।
জাঙ্গাল পরিদর্শনের জন্য আবেদনকারী কৃষক শাহজাহান মিয়া জানান, স্পিডবোটে করে জাঙ্গাল পরিদর্শন করেছেন ওই পাউবো কর্মকর্তা। কৃষকের পক্ষ থেকে স্পিডবোটের ভাড়া দেওয়া হয়েছে। তবে কোন কৃষকের কাছ থেকে কত টাকা ভাড়া টাকা দেওয়া হয়েছে তা তিনি বলতে রাজি হননি।
চামরদানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না বলেন, ‘শাহপুরের জাঙ্গাল না কেটে দিলে কৃষক জমিতে বীজ বুনতে পারবে না। জাঙ্গাল কেটে দিয়ে পানি নিষ্কাশনের জন্য শাহজাহান নামের একজন কৃষক ইউএনও বরাবর আবেদন করেছেন। পাউবোর কর্মকর্তা মাহমুদুল ইসলাম জাঙ্গাল পরিদর্শনের জন্য কৃষকদের কাছে স্পিডবোট দাবি করার বিষয়টি কৃষকেরা আমাকে জানিয়েছেন।’
সুনামগঞ্জ পাউবোর (পওর-২) উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম বলেন, ‘জায়গাটি কাটা যাবে কী না তা দেখে আসার ইউএনও স্যার ফোনে আমাকে বলেছেন। পানি নিষ্কাশনের জন্য জায়গাটি প্রতিবছর কাটতে হয়। সেখানে ট্রলারে গেলে দুই থেকে তিন ঘন্টা সময় লাগতো। তাই কৃষকদের বলেছি একটি স্পিডবোটের ব্যবস্থা করার জন্য। আমি সাথে টাকা নিয়ে যাইনি। কৃষকেরা ভাউচার দিলে আমি বিল দিয়ে দিবো।’
- বোরো ধান চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক
- মুক্তিযুদ্ধের চার প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর


