জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার নৈশপ্রহরী আকিল হোসেন এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। ফলে পরিবারের লোকজন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন।
জানা যায়, ২০১৭ সালের মে মাস থেকে মাদ্রাসার নৈশপ্রহরির দায়িত্বে নিয়োজিত ছিল হবিবপুর (শাহপুর) এলাকার আব্দুল মনাফের ছেলে আকিল হোসেন (৩০)। গত ১৩ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ১৩ নভেম্বর মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মন্নান হয়ে থানায় জিডি দায়ের করেন।
নিখোঁজ নৈশপ্রহরীর বাবা আব্দুল মনাফ জানান, এক মাস পেরিয়ে গেছে আমার ছেলেটি নিখোঁজ হয়েছে। ফলে দুশ্চিন্তায় কাটছে রাতদিন। পরিবারের লোকজন আতঙ্কে আছেন। কিছুই বুঝতে পারছি না। পুলিশ এখনও কোন সন্ধান পায়নি।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান জানান, নৈশপ্রহরী আকিল হোসেন প্রতিদিন সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত দায়িত্ব পালন করতেন। ঘটনার দিন ভোরে তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।


