দরিদ্র শিশুদের পোষাক ও খেলার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিশুদের হাতে নতুন বছর আসার আগেই বিদ্যালয়ের পোষাক ও খেলার সরঞ্জামাদি তুলে দিয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন। বুধবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার অমৃতশ্রী সরকারী প্রাথমিক ও উমেশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পোষাক ও খেলার সরঞ্জামাদি তুলে দেন সদর উপলার নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা। এর আগে দুই বিদ্যালয়ের মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মা সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা সুলেমান মিয়া, অমৃতশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি আব্দুর রহিম তালুকদার, প্রধান শিক্ষক এনামুল হক ও সহকারী শিক্ষক আব্দুর রউফ প্রমুখ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে বিদ্যালয় দুটিতে খেলাধুলার সামগ্রী ও পোষাক তুলে দেয়া হয়।