সু.খবর ডেস্ক
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আশ্বস্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দাতা সংস্থার প্রতিনিধিদের উদ্দেশে আয়োজিত এক ব্রিফিংয়ে দেশের অবস্থানের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
ব্রিফিংয়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনার পর থেকে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। সে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থায় রয়েছে। দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের মূলোৎপাটনে সরকার বদ্ধপরিকর।
সকাল ১১টা থেকে শুরু হয়ে এক ঘণ্টার বেশি সময় ধরে চলে গুরুত্বপূর্ণ এই ব্রিফিং। এ সময় দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান, ইতালি, ভারত, পাকিস্তানসহ অর্ধশত দেশের কূটনীতিক ও দাতা সংস্থার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
গত শুক্রবার রাজধানীর গুলশানে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার ঘটনায় ৯ ইতালীয়, ৭ জাপানি এবং এক ভারতীয় প্রাণ হারান।


