ছাতকে দুর্বৃত্তদের দেয়া আগুনে গো-খাদ্য ভস্মিভুত

ছাতক প্রতিনিধি
ছাতকের পল্লীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে গো-খাদ্য ভস্মিভুত হয়েছে। একই সাথে বাড়ির পাশে বেড়ে উঠা বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি গাছ ধ্বংসও করে তারা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের প্রবাসী নূর উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, প্রতিহিংসামুলকভাবে প্রতিপক্ষরা বাড়ি সংলগ্ন জমিতে স্তুপাকারে রাখা গো-খাদ্যে(খড়) আগুন জ্বালিয়ে দেয়। গভীর রাতে গো-খাদ্য আগুনে ভস্মিভুত করে বাড়ির পাশে বেড়ে উঠা বিভিন্ন প্রজাতির ১০-১২টি গাছও কেটে দেয় তারা। গ্রামের শফিক মিয়া মেম্বার, আবুল কালাম, সমরাজ বেগম, জুয়েল মিয়া, রওশনা বেগম, রশিদ আহমদ, নাঈম হোসেনসহ লোকজন জানান, গভীর রাতে গো-খাদ্য জ্বালিয়ে দেয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তারা দেখেনি। এ দিকে বছরের গো-খাদ্য ভস্মিভুত হওয়ায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন প্রবাসীর পরিবার। প্রবাসীর স্ত্রী নূরেছা বেগম এ ঘটনার জন্য গ্রামের প্রতিপক্ষদের দায়ী করছেন।