স্টাফ রিপোর্টার
আজ সোমবার সদর উপজেলার সুরমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ইব্রাহীমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন ভোটারেরা। আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাচন অফিস কর্তৃপক্ষ। এই ওয়ার্ডে সদস্য পদে ৮ জন প্রার্থী
প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট কেন্দ্রে রয়েছেন পুরুষ ভোটার ১৩৯২ জন, মহিলা ভোটার ১৪২২ জন। সম্প্রতি ২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য আব্দুল আজিজের মৃত্যুর পর এই ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এই ওয়ার্ডের উপ-নির্বাচনে ইউপি সদস্য পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাফেজ দেলোয়ার হোসেন, ভ্যানগাড়ি প্রতীকে সামছুল আলম বাবর, তালা প্রতীকে ইমরান হোসেন মানিক, ঘুড়ি প্রতীকে এমরান হোসেন, টিউবওয়েল প্রতীকে আব্দুল ওয়াহিদ শুভ, বৈদ্যুতিক পাখা প্রতীকে স্বপন শুক্লা, মোরগ প্রতীকে আলম গণি এবং ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. কবির আহমদ।
নির্বাচনের রিটার্নিং অফিসার উত্তম কুমার রায় বলেন,‘সোমবার সদর উপজেলার সুরমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ভোট কেন্দ্রটি অতি গুরুত্বপূর্ণ হিসাবে নেয়া হয়েছে। এই কারণে ১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ, র্যাব ও আনসার বাহিনী দেয়া হয়েছে। আশাকরি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট প্রয়োগ করতে পারবেন ভোটাররা।’


