লন্ডনে শিশুসন্তানকে হত্যার অভিযোগে বাঙালি মা-বাবা অভিযুক্ত

লন্ডন প্রতিনিধি
ইষ্টলন্ডনের টাওয়ার হ্যামলেটস বারায়  তিনমাস বয়সী নিজ শিশু সন্তানকে হত্যার অভিযোগে এক বাঙালি দম্পতিকে অভিযুক্ত করেছে বো ম্যাজিষ্টেট  কোর্টে। অভিযুক্তরা  হলেন  ৩৬ বছর বয়সী  মোহাম্মেদ মিয়া এবং ৩১ বছর বয়সী মা রেবেকা নাজমিন।  তিনমাস বয়সী শিশু রিফাত হত্যার সঙ্গে সন্দেহজনকভাবে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ শিশুর পিতা-মাতাকে আদালতে হাজির করলে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পুলিশ জানিয়েছে, গত সোমবার ৩ মাসের শিশু রিফাতকে শারীরিকভাবে গুরুতর আহত অবস্থায়  রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন কর্তব্যরত   চিকিৎসক। একই সঙ্গে শিশুটিকে সেন্ট্রাল লন্ডনের অন্য একটি শিশু হাসপাতালে প্রেরণ করা হয়। পরদিন মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে শিশুটি মৃত্যুবরণ করে। একই দিন ৩ মাসের শিশু রিফাতকে শারীরিকভাবে জখম করার ঘটনায় সন্দেহভাজন সংশ্লিষ্ট হিসেবে শিশুর বাবা, ৩৬ বছর বয়সী মোহাম্মেদ মিয়া এবং ৩১ বছর বয়সী মা রেবেকা নাজমিনকে গ্রেফতার করে ইস্ট লন্ডনের বো ম্যাজিস্ট্রেইট কোর্টে হাজির করে পুলিশ। নিষ্পাপ শিশুর সঙ্গে নিষ্ঠুর আচরণ এবং তাকে শারীরিকভাবে মারাত্মক জখম করার অভিযোগ আনা হয়েছে পিতা মাতার বিরুদ্ধে। টাওয়ার হ্যামলেটসের পপলার এলাকার বাসিন্দা মোহাম্মেদ মিয়া এবং নাজমিন আপতত পুলিশ হেফাজতে রয়েছেন। আগামী ২ আগস্ট তাদেরকে স্নেয়ারব্রোক ক্রাউন কোর্টে হাজির করার কথা রয়েছে।