স্টাফ রিপোর্টার
পৌর শহরের বিভিন্ন এলাকায় মঙ্গলবার দুপুরে প্রায় তিনশত জন ব্যক্তিকে মাস্ক দিয়েছেন তেঘরিয়া এলাকার একদল তরুণ। তাঁরা শহর ঘুরে রিকশা, অটোরিকশা, ইজিবাইক চালকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনকে বিনামূল্যে এই মাস্ক দেন।
করোনাভাইরাসের বিস্তাররোধ এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে এই মাস্ক বিতরণ করেছেন বলে জানিয়েছেন তেঘরিয়া এলাকার তরুণ সাংস্কৃতিকর্মী আহসান জামিল আনাছ। তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে সর্বত্র একটা উদ্বেগ দেখা দিয়েছে। তাই আতঙ্কিত না হয়ে মানুষজন যাতে এ বিষয়ে সচেনত হন এ জন্য মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছেন তাঁরা। শহরের ব্যস্ততম আলফাত স্কয়ার, স্টেশন রোড, স্টেডিয়াম এলাকায় এই মাস্ক বিতরণ করেন তারা। একই এলাকার আরেক তরুণ হারুনুর রশিদ জানান, তারা নিজেদের টাকায় মাস্ক কিনে বিতরণ করেছেন। শ্রমজীবী অনেকেই আছেন যারা নিজেদের টাকায় মাস্ক কিরতে পারছেন না বা এ বিষয়ে তারা বিশেষ কিছু জানেন না।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু বলেছেন, তরুণদের এই উদ্যোগটি প্রশংসনীয়। তারা আমাকেও শহরে পেয়ে একটি মাস্ক দিয়েছেন। আমাদের সবার উচিত করোনাভাইরাসের বিষয়ে সচেতন থাকা এবং অন্যদের সচেতন করা।


