সু.খবর ডেস্ক : দেশে করোনাভাইরাসে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ২৬৬ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৭৫ জনের। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১ হাজার ৮৩৮। গত ২৪ ঘন্টায় মোট ২ হাজার ১৯০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এছাড়া সুস্থ হয়েছেন ৯ জন, মোট ৫৮। নতুন করে ২০টি ল্যাব স্থাপন করা হয়েছে সেই সাথে প্রতিদিন ১ লাখ পিপিই দিচ্ছে সরকার।
লকডাউন কার্যকর না হলে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তাই করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকলে করোনার বিরুদ্ধে জয় হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
অনলাইন ব্রিফিংয়ে এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট বা আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।


