সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট উদ্বোধন- শিক্ষার্থীর পরিবর্তন লক্ষ্য করলে দ্রুত সংশোধনের চেষ্টা করুন -শিক্ষামন্ত্রী

টিপু সুলতান, দিরাই
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,‘আমাদের কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের বিপথগামী করার অপচেষ্টা হচ্ছে, ইসলামের দোহাই দিয়ে জঙ্গি তৈরি করা হচ্ছে, হত্যা করলে বেহেস্তে যাওয়া যাবে, এমন বিভ্রান্তিকর ব্যাখ্যা দিয়ে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণদের ধ্বংস করে দেওয়া যাচ্ছে। তিনি শিক্ষক ও অভিভাববদের উদ্দেশ্যে বলেন,‘আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থী ১০ দিনের বেশি সময় অনুপস্থিত থাকলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করুন, সন্তান বা শিক্ষার্থীর পরিবর্তন লক্ষ্য করলে, তাকে দ্রুত সংশোধনের চেষ্টা করুন’।
শনিবার বেলা আড়াইটায় সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে সুরঞ্জিত সেন গুপ্ত মহিলা কলেজ এবং সুরঞ্জিত সেন গুপ্ত পলিটেকনিকেল ইনস্টিটিউট আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সমাবেশে বক্তৃতা কালে এসব মন্তব্য করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন-বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত।
এটিএম মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সুনামগঞ্জ- মৌলভীবাজারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘জঙ্গিরা দেশের সর্ববৃহৎ ঈদের জামাত শোলাকিয়ায় ছদ্মবেশে আলখেল্লা পড়ে নিচে জিন্সের প্যান্টে অস্ত্র রাখার পকেটে বিস্ফোরক রেখে লাখো মুসল্লিকে হত্যা করতে গিয়েছিল, দু’জন পুলিশ ভাই জীবন দিয়ে মুসল্লিদের রক্ষা করেছেন’। মন্ত্রী বলেন,‘যারা এসব করছে তাদের বিষয়ে সচেতন থাকতে হবে, সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে’। মন্ত্রী বলেন, ‘পৃথিবীব্যাপী কারিগরি শিক্ষার গুরুত্ব বেড়েছে। জার্মানীতে ৮০ ভাগ শিক্ষার্থী কারিগরি শিক্ষা নিচ্ছে, পৃথিবীর অনেক উন্নত দেশে ৬৫ ভাগের বেশি শিক্ষার্থী কারিগরি শিক্ষা নিয়ে পড়ছে, কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দেশে যেমন চাকুরির বা কর্মসংস্থানের নিশ্চয়তা বেশি, বিদেশে গেলেও কাজের সুযোগ বেশি, অর্থ উপার্জনও করবেন বেশি’।
শিক্ষামন্ত্রী নারী শিক্ষাকে গুরুত্ব দেবার আহ্বান জানিয়ে বলেন,‘আমাদের সকলের অনুভবে থাকতে হবে আমরা মানুষ, আমি মানুষ, আর মেয়ে হলে সে মেয়ে মানুষ, এমন চিন্তা পরিহার করতে হবে, মেয়েরা শিক্ষা-দীক্ষায় সফলতার সঙ্গে এগুচ্ছে, মাধ্যমিক বিদ্যালয়ে এখন ৫৩ শতাংশ মেয়ে শিক্ষার্থী, সামনের দিনে বিয়ের বয়সে কেবল বর এবং বরপক্ষ কনে দেখতে নয়, পাত্রী পক্ষও পাত্রীসহ বর দেখতে যাবে, আমরা নারী-পুরুষ মিলে সমানভাবে এগুতে চাই।
শিক্ষামন্ত্রী বলেন,‘ভাটিবাংলায় বর্ষায় চলাচলের সমস্যা, শিক্ষার্থীগণের উপস্থিতির সমস্যার কথা চিন্তা করে সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের জন্য পৃথক শিক্ষা ক্যালেন্ডার করার কাজ হচ্ছে, যাতে তারা অন্যান্য অঞ্চলের সমান পাঠদান করতে পারেন সেজন্য এই ব্যবস্থা করা হবে’।
শিক্ষামন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সুরঞ্জিত সেন মহিলা ও পলিটেকনিক ইন্সটিটিউট ভাটিবাংলার দৃষ্টি খোলে দেবে, হাওরাঞ্চলের জন্য নতুন শিক্ষানীতি ও শিক্ষা ব্যবস্থা চালু করা হবে, সুনামগঞ্জে কোন স্কুল কলেজ বেসরকারি থাকবে না, যে সব উপজেলায় সরকারি স্কুল কলেজ নেই সেই উপজেলা ১টি করে স্কুল ও কলেজ ২ মাসের মধ্যে জাতীয়করণ করা হবে।