আবারো জ্যামাইকাকে জেতালেন সাকিব

সু.খবর ডেস্ক
প্রথম দুই ম্যাচে ভালো করতে না পারলেও দ্রুতই ফিরে এসেছেন সাকিব আল হাসান। আগের ম্যাচে একাই জিতিয়েছেন দলকে গত শনিবার রাতেও দলের স্কোরটা প্রতিপক্ষের নাগালের বাইরে নিয়ে যান সাকিবই। গায়ানার বিপক্ষে করেছিলেন ৫৪ রান। বল হাতেও নেন এক উইকেট। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টের বিপক্ষেও জ্বলে উঠলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে সেন্ট কিটস নেভিস প্যাট্রিয়টকে ১০৮ রানে হারিয়েছে জ্যামাইকা তালাওয়াস।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে জ্যামাইকা। গত ম্যাচের মতো এই ম্যাচেও শুরুটা ভালো করতে পারেনি জ্যামাইকা। দ্বিতীয় ওভারের শেষ বলে আউট হন ওয়ালটন। দলের রান তখন ১২। এরপর চতুর্থ ওভারে ফিরে যান গত ম্যাচের জয়ের নায়ক ক্রিস গেইল।
তবে এই ম্যাচে জ্বলে ওঠে কুমার সাঙ্গাকারর ব্যাট। এদিন ৪৭ বলে ৬৫ রান করেন সাঙ্গা। গত ম্যাচে ব্যর্থ রোভমান পাওয়েলও শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। ২৩ বলে ৩৫ রান করে আউট হন তিনি। ১৬ ওভারের শেষ বলে আন্দ্রে রাসেল আউট হবার পর উইকেটে আসেন সাকিব জ্যামাইকার রান তখন ৫ উইকেটে ১৩৯।
উইকেটে এসেই চার ছয়ের ফুলঝুঁড়ি ছোটাতে থাকেন সাকিব। শেষ পর্যন্ত ১৭ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন দেশসেরা এই ব্যাটসম্যান।
ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি সেন্ট কিটসেরও। কোনো রান না করেই ফিরে যান সিমন্স। দলীয় ১২ রানে ফিরে যান ফাফ ডু প্লেসিস। এরপর অবশ্য লুইস ও জনাথন কার্টার মিলে বিপর্যয় সামলানোর চেষ্টা করেন। দলীয় ৫৩ রানে এই দুজন ব্যাটসম্যান বিদায় নিলে বালির বাঁধের মতো হুড়মুড় করে ভেঙে পরে সেন্ট নেভিসের ইনিংস।
২ ওভার বল করে ২ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব। ৪৭ বলে ৬৫ রান সাঙ্গাকারা ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন।