অতঃপর সংশয়

         রোকেস লেইস
 
অতঃপর সাফ সাফ বলে দিলে তুমি
ঝেড়ে ফেলে সবটুকু সংশয়।

সংশয় তেমন কিছু নয়,
ভালোবাসা ব্যাংক ব্যালেন্স
বীমার মতো নিশ্চিত ব্রেক-ফাস্ট ডিনার
যান্ত্রিক চলাফেরা
মসৃণ চামড়ার নীচে মেদের পোস্টাই
নির্দিষ্ট ছাদের সীমানা।

সংশয় ছিলো টবের নিশ্চয়তা
না-কি থেকে যাবে মাটির আঙিনায়।

সংশয় তেমন কিছু নয়,
আকাশের খোলা ছাদ রোদ-বৃষ্টি
এলো হাওয়ার ভরাট নিঃশ্বাস
খেটে খাওয়া মেদহীন শরীর
প্রতিদিন ভাত ছালুন শাকের সংস্থান।

সংশয় ছিলো মাটির নিবিড়তা
না-কি উঠে যাবে প্রাসাদ অলকায়।

সংশয় আর কিছু নয়,
লালসা ও ভালোবাসা
কার হাতে হাত রেখে
তুমি দাঁড়াবে কোথায় ?

নিখুঁত আলোক নিরীক্ষায়
ভাবনার ছায়াপথ
পেরিয়ে অতঃপর-
 সাফ সাফ বলে দিলে তুমি

নিয়তি– প্রভু আমার
দাস আমি তার।
                  ০৭০৭৮৫