স্টাফ রিপোর্টার
তাহিরপুরের রাজারগাঁও-এ শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মন্দিরের ভূমি জোর করে দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় রাজারগাঁও গ্রামের কমলা কান্ত রায় ও তার সহযোগীদের বিরুদ্ধে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মন্দির পরিচালনা কমিটির সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও সাধারণ সম্পাদক কানন বন্ধু রায়।
শনিবার সকালে অদ্বৈত প্রভুর মন্দিরের ভূমি কাটার সময় শনিবার দুপুরে দুই শ্রমিককে আটক করেছে পুলিশ। আটককৃত শ্রমিকরা হলেন, বাদাঘাট ইউনিয়নের লামাশ্রম গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুল আলী (৫০) ও রাজারগাঁও গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে সুষেন দাস (৪৫) ।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির অফিসার এসআই তপন দাস ওই দুইজনকে আটক করে। তবে রাত ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকদের পুলিশ হেফাজত থেকে আনার চেষ্টা করেনি অভিযুক্ত কমলা কান্ত রায়।
এ বিষয়ে অভিযুক্ত কমলা কান্ত রায়ের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ‘এই জায়গা আমার জায়গার সামনের। জায়গাটুকু নিজের রেকর্ডের না সরকার খাস খতিয়ানের এবিষয়ে জানতে চাইলে কোন সদুত্তর দেননি।’
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, ‘অদ্বৈত প্রভুর মন্দিরের ভূমিতে জোর করে আরেকটি মন্দির নির্মাণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন আছে। তবে শনিবার মন্দিরের মাটি কাটার সময় দুই শ্রমিককে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’


