অনন্য প্রতিভা- দেবশ্রী তালুকদার সৃষ্টি

রুনা শাহীন আরা লেইস
সরকারী সতীশ চন্দ্র বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ও সুনামগঞ্জের সঙ্গীত জগতের গৌরব দেবশ্রী তালুকদার সৃষ্টি। জন্ম ১১ অক্টোবর ১৯৯৭ ।
সুললিত কণ্ঠের অধিকারী সৃষ্টি পারিবারিকভাবেই সঙ্গীতের সাথে সম্পৃক্ত। দেবাংশু তালুকদার ও ছন্দিতা তালুকদারের একমাত্র সন্তান সৃষ্টির সঙ্গীত চর্চার শুরু খুব অল্প বয়সে। তখনি সে শাস্ত্রীয় সঙ্গীত ও নজরুলগীতিতে পারদর্শী হয়ে ওঠে। ২০১১ সালে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় নজরুল সঙ্গীতে স্বর্ণপদক এবং দেশের গানে ব্রোঞ্জ পদক অর্জন করে। ২০১২ তে উচ্চাঙ্গ সঙ্গীতে স্বর্ণ পদক জয় করে। নবম শ্রেণিতে পড়ার সময় চ্যানেল আই ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় সেরা দশ জনের মধ্যে সে ছিল একজন। ২০১৪ সালে বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণ জয়ন্তীতে দেশের গান ও নজরুল সঙ্গীতে প্রথম স্থান লাভ করে ও বিটিভির শিল্পী হিসেবে মনোনীত হয়। নজরুল ও শাস্ত্রীয় সঙ্গীতে দক্ষ এই কৃতি শিল্পী সব ধরণের গান গাইতেই ভালোবাসে ও স্বচ্ছন্দ বোধ করে। সৃষ্টি কখনো স্কুলের পরীক্ষায় দ্বিতীয় হয়নি, অর্থাৎ ক্লাসের প্রথম স্থানটি যেন সবসময় তার জন্যেই নির্ধারিত ছিল। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে, জেএসসিতে জেলার মধ্যে প্রথম হয়েছে। সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি ও সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচ এস সি তে গোল্ডেন এ প্লাস পেয়েছে। বর্তমানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফী এন্ড এনভায়রনমেন্ট বিষয়ে পড়াশুনা করছে। লেখাপড়ার পাশাপাশি সৃষ্টি তার গানের চর্চা নিয়মিত চালিয়ে
যাচ্ছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ।