স্টাফ রিপোর্টার
নিরাপদ খাদ্য কর্তৃক আয়োজিত জেলা খাদ্য সমন্বয় কমিটির সভা ও ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
নিরাপদ খাদ্য সমন্বয় কমিটির সভার শুরুতে বিগত সভার সিদ্ধান্ত ও বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করা হয়। এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা জানান, জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৪টি খাবারের নমুনা পরীক্ষা করার জন্য ঢাকা ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে একটি প্রতিষ্ঠানের পাউরুটিতে আলফাটক্সিন নামক ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া যায়। তবে সেটা ব্যবহারের সর্বোচ্চ মাত্রা অতিক্রম করেনি। তারপরও সেই প্রতিষ্ঠানকে সতর্ক করে চিঠি দেয়া হয়েছে। এছাড়াও খাদ্য ব্যবসায়ীদের সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
নিরাপদ খাদ্য সমন্বয় কমিটির সভা শেষে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনারে একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। ডকুমেন্টারিতি এসডিজি গোল বাস্তবায়ন সহ বিভিন্ন উন্নয়ন কর্মকা-ে কীভাবে নিরাপদ খাদ্য সম্পৃক্ত সেটি সম্পর্কে ধারণা দেয়া হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, বাজারে, এলাকার অলিগলি বা বিভিন্ন পয়েন্টে খোলাবাজারে যে খাদ্য বিক্রি হয় তা বন্ধ করার ব্যবস্থা নেয়া হবে। পোড়া তেলের ব্যবহার বন্ধ করতে হবে। শিশু খাদ্যে যেন কোন প্রকার ক্ষতিকর কিছু থাকতে না পারে তা নিশ্চিত করতে হবে। যেখানে অনিরাপদ খাদ্য বিক্রির তথ্য পাওয়া যাবে সেখানে অভিযান চালানো হবে।
এসময় ও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার বোরহান উদ্দিন, জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা আল আমিন, মৎস্য কর্মকর্তা মো. শামশুল করিম প্রমুখ।


