অনির্দিষ্টকাল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা চলবে না

সু.খবর ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিভিন্ন কারণে শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন অশুভ প্রবণতা। অনির্দিষ্টকালের ধর্মঘট যেমন চলবে না, তেমনি অনির্দিষ্টকাল কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা চলবে না। এটা যারা করে এটা তাদের ব্যর্থতা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপারাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
তিনি বলেন, যদি আভ্যন্তরীন কোনো গেঞ্জামের জন্য ক্যম্পাসের পরিস্থিতি অস্বাভাবিক হয়, এর জন্য আমাদের সাংগঠনিক ব্যবস্থা আছে। প্রশাসনিক ব্যবস্থা আছে, যেই ব্যক্তিদের জন্য এই সমস্যা সৃষ্টি হবে, তাকে পুলিশে সোপর্দ করতে হবে, কিন্তু এই অজুহাতের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালে জন্য বন্ধ করে দেওয়া, শিক্ষার্থীদের অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাজ নয়।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি কুমিল্লা মেডিক্যাল ও শাহজালাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, আমি এসব বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য বলেছি। শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে না, বন্ধও চলবে না। ডাকসুসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন দিতে শিক্ষামন্ত্রীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আজ যদি ছাত্র সংসদের নির্বাচন হতো, গত ২৫ বছরে ৫০ জন নেতা বের হতো। শিক্ষা প্রতিষ্ঠানে ঝামেলাও হতো না। ভোটের কথা চিন্তা করে শিক্ষা প্রতিষ্ঠানের নেতারা এসব ঝামেলা করতো না।
ছাত্রলীগকে পরগাছা মুক্ত করার নির্দেশ দিয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি কাদের বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে ছাত্রলীগকে সুনামের এই ধারায় থাকার শপথ নিতে হবে। সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ছাত্রলীগকে আকর্ষণীয় করে তুলতে হবে। নেতাদের পরিচয় আচার-আচরণ, মেধা ও যোগ্যতা দিয়ে। অনুপ্রবেশকারী পরগাছাদের ছাত্রলীগে চাই না। তারাই ছাত্রলীগের এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা। তাদের চিহ্নিত করতে হবে। কমিটি গঠন করার সময় তারা যেন পদ না পায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসব পরগাছারাই বিভিন্ন বিতর্কমূলক কাজ করে। আর বদনাম হয় শেখ হাসিনা ও ছাত্রলীগের।
ছাত্রলীগে ত্যাগী কর্মীদের মূল্যায়নের পরামর্শ দিয়ে তিনি বলেন, কমিটিতে ত্যাগীরা যেন বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। ছাত্রলীগে যেন ভিন্ন ভিন্ন ধারার কমিটি না হয়। ছাত্রলীগ যেন কারও ভাইয়ের পকেট কমিটি না হয়। ছাত্রলীগ ভাইয়ের বা নেতাদের হাতিয়ার না হয়। এটা চলতে দেওয়া হবে না।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে বিএনপির আগামী নির্বাচনে জয়ের আশা বিলীন হয়ে গেছে। এখন তারা আবোল তাবোল বকছে। এজন্য তাদের সব বক্তব্যের জবাব দেওয়ার দরকার নেই।
এসময় উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, একেএম এনামুল হক শামীম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বন পরিবেশ বিষয়ক সম্পাদ দেলোয়ার হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, উপপ্রচার বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুল মান্নান, বাহলুল মজনু চুন্নু, ইসহাক আলী খান পান্না, মাঈনুদ্দিন হাসান চৌধুরী, বাহাদুরি বেপারী, লিয়াকত শিকদার, মাহমুদুল হাসান রিপন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, বদিউজ্জামান সোহাগ, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, মোতাহের হোসেন প্রিন্স।