অন্যায়কারী যে দলেরই হোক শাস্তি পেতে হবে- জয়া সেনগুপ্ত এমপি

দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি বলেছেন, সম্প্রতি দিরাইয়ে হেফাজত ইসলাম বাংলাদেশের জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি সংগঠনের এক কেন্দ্রীয় নেতাকে কটুক্তি করে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে এলাকায় ক্ষোভ তৈরি হলে তাৎক্ষণিকভাবে স্ট্যাটাস প্রদানকারীকে গ্রেফতার করে পুলিশ। কাউকে কটুক্তি করা নিঃসন্দেহে কুরুচিপূর্ণ মনোভাবের বহি:প্রকাশ। তবে ব্যক্তি কারও অন্যায়ের দায়ভার কোন গোষ্ঠী, সম্প্রদায়কে যেন নিতে না হয়। অন্যায়কারী যে দলেরই হোক তাকে শাস্তি পেতেই হবে। তিনি বলেন, প্রিয় এলাকাবাসী ও শুভাকাক্সক্ষীবৃন্দ, দীর্ঘদিন অসুস্থতা জনিত কারণে এলাকার দুঃসময়েও স্ব শরীরে পাশে দাঁড়াতে না পেরে আমি অত্যন্ত দুঃখিত ও মর্মাহত। আমি আশা করছি সৃষ্টিকর্তার কৃপায় দ্রুত সুস্থ হয়ে আপনাদের কাছে ফিরে আসতে পারবো।
শনিবার বিকালে এক বিবৃতিতে জয়া সেনগুপ্তা এসব কথা বলেন। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা দিরাই ও শাল্লা উপজেলার জনসাধারণ অসাম্প্রদায়িক চেতনাকে ধারন করে বসবাস করে আসছে। আমি দৃঢ়ভাবে বিশ^াস করি এখনো এ এলাকায় ধর্ম, বর্ণ ও জাতি গোষ্ঠীর সুন্দর সম্মিলন ও চলাফেরা রয়েছে। কিন্তু সম্প্রতি এই ঐক্য ও সম্প্রীতির সেতু বন্ধনে কিছু অসাধু, ক্ষমতা পিপাসু, ধর্মীয় অন্ধবিশ^াসী ও বিনষ্টকারীরা রাজনৈতিক ফায়দা এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু বসতবাড়িতে অতর্কিতভাবে হামলা ও লুটপাটের ঘটনা এরই একটি অংশ। আমি এই ঘৃণ্য অপকর্মের তীব্র নিন্দা জানাই। আমি আপনাদের আশ^স্ত করতে চাই, ইতোমধ্যে পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঐকান্তিক চেষ্টায় ও আপনাদের সার্বিক সহযোগিতায় অপরাধীদের অনেককেই গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার অপরাধী ও মদতদাতাদের চিহ্নিত করে দ্রুত সময়ে শাস্তি নিশ্চিত হওয়া প্রয়োজন।
তিনি বলেন, ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এই অমানবিক ঘটনায় জড়িত অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের নির্দেশ দিয়েছেন। আমিও ঘটনা জানার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান, ইউএনওদ্বয় ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয়কে বিষয়টি অবগত করেছি ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছি। যারা গ্রামবাসীর দু:সময়ে তাৎক্ষণিক পাশে এসে দাঁড়িয়েছেন আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।