অপরূপ পর্যটনস্পট বাঁশতলা ও খাসিয়ামারা

আশিক মিয়া, দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলার উত্তরে ভারতের চেরাপুঞ্জি, মেঘালয় রাজ্য। পূর্বে ছাতক উপজেলা, দক্ষিণ ও পশ্চিমে সুনামগঞ্জ জেলা। সুনামগঞ্জ থেকে দোয়ারাবাজারের দূরত্ব প্রায় ২০ কি.মি। সিলেট-হতে ৫০ কি.মি উত্তরে দোয়ারাবাজার উপজেলা পরিষদ। দোয়ারাবাজার সুরমা নদীর উত্তর পাড়ে হওয়ায় সড়ক পথে সরাসরি যোগাযোগ নেই। ভারত সীমান্তের কাছে হওয়ায় খুব শীতও পড়ে এখানে। ১৯৮৪ সালে উপজেলা পরিষদ গঠনের পর ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছিল এই দোয়ারাবাজার উপজেলা। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই উপজেলায় রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। স্বাধীনতা যুদ্ধের সময়ে ১১টি সেক্টরের মধ্যে একমাত্র এই উপজেলার সেক্টরই ছিল বাংলাদেশের অভ্যন্তরে। জেলায় সর্বাধিক মুক্তিযোদ্ধার বসবাসও এই উপজেলায়। এখানে তৈরী হয়েছে দৃষ্টিনন্দন বাঁশতলা শহীদ স্মৃতি সৌধ এবং বাঁশতলা বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থান। গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা-হকনগর পরিণত হয়েছে ঐতিহাসিক স্থানে। বাঁশতলা হকনগর শহিদ স্মৃতি সৌধের প্রবেশদ্বারেই রয়েছে স্লুইসগেইট। এখানকার ঝর্ণার স্বচ্ছ পানি আর চারিদিকের সবুজে যেন চোখ আটকে যায়। ভারতের চেরাপুঞ্জির পাদদেশে মেঘালয় রাজ্যের পাহাড়ে ঘিরে রেখেছে এই এলাকাটিকে। ভ্রমণ পিপাসুদের সুবিধার্থে এখানে সরকারি অর্থায়নে তৈরী করা হয়েছে রেস্ট হাউজ, মসজিদ, কমিনিউটি ক্লিনিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে বিজয় মঞ্চ। রয়েছে একাত্তরের স্মৃতি ফলক। স্মৃতিসৌধের অদুরেই রয়েছে আদিবাসী পাহাড়। এখানকার আদিবাসীরা গারো সম্প্রদায়ের। দোয়ারাবাজারের হকনগরে বাঁশতলায় ছিল মুক্তিযুদ্ধের ৫নং সাবসেক্টর।
দোয়ারাবাজার উপজেলার বাঁশতালা হকনগর স্মৃতিসৌধ এলাকায় ঘুরে আসার প্রবেশদ্বার রয়েছে দুইটি। একটি সিলেট থেকে ছাতক উপজেলার ফেরীঘাট হয়ে নোয়ারাই বাজার থেকে সিএনজি অথবা মোটর সাইকেলে, অন্যটি সুনামগঞ্জ সদর থেকে সরাসরি দোয়ারাবাজার হয়ে বৃটিশ সড়ক দিয়ে।
এছাড়াও রয়েছে টেংরাটিলা গ্যাস ফিল্ড, রাবার ড্যাম, মারপসি খালের উপর বক্স স্লুইস গেট, বাংলাবাজার উপ-প্রকল্পে হাইড্রোলিক ট্রাকচার, আদিবাসী পাহাড় সহ অনেক দর্শনীয় স্থান। উপজেলাটি বর্তমানে পর্যটন এলাকা হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতি বছর ঈদে ও বিশেষ দিবসে পর্যটকদের ভিড় জমে এসব জায়গায়। তবে পর্যাপ্ত দোকানপাট ও পানাহারের কোনো ব্যবস্থা না থাকায় বিপাকে পড়তে হয় পর্যটকদের। উপজেলা সদর থেকে যাতায়াত সড়কগুলো পাকাকরণ ও সংস্কার করা হলে উপজেলার দর্শনীয় সব স্থানে যাওয়া যাবে সহজেই।
বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী রানা বলেন, পর্যটকদের আকর্ষণ করতে এবং এলাকার উন্নয়নে বর্তমানে ৩২ কিলোমিটার বিদ্যুতায়নের কাজ চলছে। আদিবাসি পাহাড়ে বসবাসরত গারোদের উন্নয়েনেও কাজ করছে পরিষদ। পর্যটন এলাকায় নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।
উপজেলার সীমান্তে  ভাঙ্গাপাড়া ও মাঠগাঁও দৌলতপুর গাড়ো এলাকায় খাসিয়ামারা নদীর মোহনা যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি। নদীর   ওই মোহনার তিন দিকে বাংলাদেশের সীমানায় রয়েছে ছোট বড় টিলা ও সবুজ ঘাসে ভরা সমতল ভূমি। উত্তর প্রান্তে দাঁড়িয়ে আছে ভারত সীমান্তের পাহাড়। লক্ষ্মিপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর পশ্চিম তীরে মাঠগাঁও গ্রামে রয়েছে অসংখ্য সুউচ্চ টিলা, রয়েছে গরো সম্প্রদায়ের বসতি। পূর্ব তীরে বেশ কয়েকটি টিলার ফাঁকে ফাঁকে সমতলে ফসলি জমির সবুজ দৃশ্য যেন মন ছুঁয়ে যায়। অন্যদিকে উজান থেকে নেমে আসা নদীতে দুই দেশের সীমানায় নুড়ি পাথর কুড়িয়ে খেটে খাওয়া মানুষের জীব জীবিকার দৃশ্য। সবুজ পাহাড়ের পাখিদের কিচির মিচির শব্দ মোহনীয় করে তুলে এখানকার পরিবেশ।
আসন্ন ঈদুল আযহার ছুটিতে ঘুরে আসতে পারেন উপজেলা লক্ষ্মিপুর ইউনিয়নের সম্ভাবনাময় পর্যটন এলাকা ও খাসিয়ামারা নদীর নান্দনিক এই মোহনায়। উপজেলা সদর থেকে মোটর সাইকে, অথবা সিএনজি যোগে লক্ষ্মিপুর ইউনিয়নের পশ্চিম বাংলাবাজার হয়ে মাঠগাঁও সীমান্তে দৌলতপুর গারো এলাকা। অপরদিকে দোয়ারাবাজার সদর থেকে ও বোগলাবাজার হয়ে ভাঙ্গাপাড়া সীমান্তে যাওয়া যাবে খুব সহজে।