ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি আলী আহম্মদের (৪৬) অকাল মৃত্যুতে শোক জানিয়ে শনিবার বিদ্যালয়ের পূর্ব নির্ধারিত অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত রাখা হয়। ওইদিন বিদ্যালয়ের শোকাহত সকল শিক্ষক, শিক্ষার্থী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করেন।
জানা যায়, আলী আহম্মদ গত ৬ জুলাই তাঁর স্ত্রী রেহানা আক্তারকে নিয়ে নেত্রকোনার কামাউড়া এলাকায় শ্বশুড় বাড়িতে বেড়াতে যান। পরে ৯ জুলাই দুপুরে শ্বশুড়বাড়ি থেকে অটোরিকশা করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলে নেত্রকোনা পৌর
শহরের বনুয়াপাড়া এলাকার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলী আহম্মদ গুরুতর আহত হলে ওই দিনই তাঁকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান জানান, অফিস সহকারী আলী আহম্মদের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার সকল শ্রেণির পরীক্ষা স্থগিত রাখা হয়। পরবর্তী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। আলী আহম্মমদের আত্মার মাগফিরাত কামনা করে রোববার বাদ জোহর ধর্মপাশা গ্রাম জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
- গোবিন্দনগর ডিগ্রী মাদ্রাসার নবীনবরণ এবং জঙ্গি নাশকতা বিরোধী সভা
- অ্যাড. রতন রায় স্মরণে শোকসভা ও প্রার্থনা


