বিশেষ প্রতিনিধি
পণতীর্থ যাত্রীরা সোমবার পথে পথে দুর্ভোগের শিকার হয়েছেন।
তাহিরপুরের রাজারগাঁওয়ের অদ্বৈত মহাপ্রভুর মন্দির পর্যন্ত এবার সড়ক এবং সুরমা নদীতে সেতু হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাইক্রোবাস, কার ও লেগুনা নিয়ে তীর্থযাত্রীরা তাহিরপুরে আসেন। হাজার হাজার যানবাহনের ভিড়ে পুরো সড়কে যানজট সৃষ্টি হয়।
বিকাল ৪ টার পর একদিকে লাগাতার বৃষ্টি, অন্যদিকে আব্দুজ জহুর সেতু থেকেই শুরু হওয়া যানজটের কারণে বেকায়দায় পড়েন লাখ লাখ মানুষ। সুরমা সেতু থেকে লালপুর পর্যন্ত সড়ক যানবাহনে ঠাসা ছিল। সন্ধায় সুনামগঞ্জ-সিলেট সড়কের হাসন তোরণ থেকে সুরমা সেতু পর্যন্ত যানবাহনে ঠাসা ছিল, তিল ধারণের ঠাই ছিল না এই সড়কে।
সিলেট থেকে তীর্থে যাওয়ার জন্য আসা শিপন দে বলেন, ‘আমরা সন্ধা সাড়ে ছয় টায় হালুয়ারগাঁও এলাকায় পৌঁছে কোনভাবে ওয়েজখালী পেট্রোল পাম্প এলাকায় গাড়ি নিয়ে আসি, পরে পায়ে হেঁটে বিজিবি ক্যাম্প পার হয়ে একটি রিক্সায় উঠে নতুনপাড়ায় পৌঁছাই’।
শিপন জানান, বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া থাকায় মানুষের দুর্ভোগ আরো বেড়ে যায়।
অনেকেই ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের দুর্ভোগের কথা জানিয়ে ভয়াবহ জ্যাম থেকে নিজেদের উদ্ধারের জন্য ট্রাফিক পুলিশের প্রতি আহ্বান জানান।
দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাক ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাসিন্দা শাহিনুর আলম সন্ধা সাড়ে ছয় টায় ফেইসবুক স্ট্যাটাসে বলেন, ‘ও ট্রাফিক পুলিশ ভাই, ভয়াবহ যানজটে পড়েছি, একটু সহায়তা করুন আমাদের’।
হাছননগরের তীর্থযাত্রী নিলয় দাস জানান, সোমবার সন্ধায় পলাশ বাজার থেকে ভিড়ের চাপে রাজারগাঁওয়ের অদ্বৈতবাড়ীর দিকে পরিবহন যাতায়াত বন্ধ হয়ে গিয়েছিল। ধনপুরের আনন্দবাজার থেকে কুড়েরপাড় পর্যন্ত এতো ভিড় ছিল, পায়ে হেঁটে যাতায়াত করতেও সমস্যায় পড়েন তীথযাত্রীরা’। এরপরও বৃষ্টিতে জবুথবু হয়ে হাজার হাজার মানুষ ছুটেছেন রাজারগাঁওয়ের অদ্বৈত মহাপ্রভূর মন্দিরের দিকে।
যানজটের কারণে আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষের প্রতি ক্ষুব্ধও হন পথচারীরা। সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে শিক্ষক শাহনূর মিয়া আবার ফেইসবুক স্ট্যাটাসে বলেন, ‘আল্লাহ্ আমাদের উদ্ধার করো’। ট্রাফিক পুলিশকে নিয়েও কটুক্তি করেন তিনি।
কেবল তীর্থযাত্রীরা নয়, অন্য পরিবহনও বেকায়দায় পড়েছিল বিকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। শহর থেকে পরিবহন বের হয়ে সিলেট-ঢাকা অভিমুখে যেতেও বিপাকে পড়তে হয়েছে পরিবহনগুলোকে।
তাহিরপুর থানার ওসি শহীদুল্লাহ সন্ধ্যায় দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন, ‘যানজটে চতুর্দিক বন্ধ হয়ে গেছে, মুভ করা যাচ্ছে না, আবহাওয়াও অনেক খারাপ, কীভাবে কী করা যায়, এরপরও চেষ্টা আছে আমাদের’।
তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘আবহাওয়া বেশি খারাপ থাকায় আমরা পরিকল্পিতভাবে কাজ করতে পারছি না’।
সুনামগঞ্জ সদর থানার ওসি হারুন অর রশিদ সন্ধা ৭ টায় জানান, পুলিশের মোবাইল টিম সড়কে রয়েছে, কিন্তু বৃষ্টি থাকায় কাজ করতে পারছে না’।
পুলিশ সুপার হারুন অর রশিদ রাত ৮ টায় সুরমা সেতু পার হয়ে কিছু বড় বড় বাস ও মিনিবাস ঢুকে পড়ায় পুরো সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমরা অবহিত রয়েছি। সারা রাত পুলিশ আব্দুজ জহুর সেতু থেকে রাজারগাঁও পণতীর্থ পর্যন্ত থাকবে, পুলিশ গাড়ীর সিরিয়েল করে দেবে’।


